ইসলামী ব্যাংককে গ্রাহকদের আমানত তুলে নেয়ার চাপ মোকাবেলায় ২ হাজার ৫০০ কোটি টাকার ‘বিশেষ ঋণ’ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় তারল্য সংকট কাটিয়ে ওঠতে রোববার (১৪ জুন ২০২৬) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়।
সাম্প্রতিক অস্থিরতার মধ্যে বিপুল সংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নেন। এতে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেয়। গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হয় ব্যাংকটি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) পূরণ করতে পারেনি।
এ অবস্থায় গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ইসলামী ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ২ হাজার ৫০০ কোটি টাকার এই সহায়তা দিয়েছে।

