ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে তিনি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন। লন্ডনে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন।
কিয়ের স্টারমারের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্ডি বার্নহ্যাম নিশ্চিত করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। হাউস অফ কমন্সে লেবার পার্টির সংসদ সদস্যদের তুমুল হাততালির মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহাম।
হাউস অফ কমন্সে প্রবেশের সময় অ্যান্ডি বার্নহামকে লেবার পার্টির সংসদ সদস্যদের বেঞ্চ থেকে ব্যাপক হাততালির মাধ্যমে স্বাগত জানানো হয়। এসএনপির নতুন সংসদ সদস্য লারা বার্ড এবং কনজারভেটিভ পার্টির নতুন সংসদ সদস্য ডগলাস লামসডেনের পর তিনি শপথ গ্রহণ করেন।
হাউস অফ কমন্সের কক্ষের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার সময় তিনি কয়েকবার মাথা নত করে অভিবাদনের উত্তর দেন এবং সমর্থক সংসদ সদস্যদের শুভেচ্ছার জবাবে হাসিমুখে সাড়া দেন। পরে মেকারফিল্ডের সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময় হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েলের সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন মি. বার্নহাম। বিবিসি

