বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য, সাবেক সিলেট জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বরেণ্য শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (৮২) চলে গেছেন মহান মাবুদের দরবারে। ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউ’ন।
শুক্রবার (১২ জুন ২০২৬) রাত দেড়টায় সিলেট নগরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে সিলেট-সহ দেশে-বিদেশে পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বিকেল ৪টায় সিলেট জেলার কানাইঘাট উপজেলায় তাঁর প্রতিষ্ঠিত তালবাড়ি মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১-২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জামায়াতের সিলেট জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।
সমাজ সংস্কার, ইলমে দ্বীনের প্রচার এবং ইসলামী ঐক্যের ব্যাপারে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর অবদান অবিস্মরণীয়। ধর্মীয় ও আধুনিক জ্ঞানের সমাহারে তাঁর প্রজ্ঞাপূর্ণ আলোচনা ও সমাজ বিশ্লেষণ এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আন্দোলন বাংলাদেশে নতুন মাত্রা সৃষ্টি করেছে।
আজীবন শিক্ষা, সেবা ও উন্নয়ন মূলক কাজে জড়িত ছিলেন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি সিলেট নগরের মিরাবাজার জামেয়া স্কুল অ্যান্ড কলেজ, আল-আমিন জামেয়া স্কুল, পাঠানটুলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে দূরদর্শী নেতৃত্ব ও অবদান রেখেছেন। এছাড়া নিজের জন্মমাটি কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামের পৈতৃক সম্পত্তিতে তিনি একটি ফাজিল মাদ্রাসা গড়ে তুলেছেন। – সাঈদ চৌধুরী

