ইরানের বিভিন্ন স্থানে আজকের হামলার পর, ইসরায়েলের উপর “ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা” শুরু হয়েছে। ইসরায়েলের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে ঘোষণা করেছে।
আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, কর্মকর্তার দাবি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিয়েছে।
ওদিকে বিবিসি আরবি বিভাগ জানিয়েছে, তেহরানে খামেনির সদরদপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির সদরদপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদ যেখানে তার আশেপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ‘প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সুস্থ রয়েছেন এবং কোনো সমস্যা নেই’। একই তথ্য প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ও ইসনা নিউজ এজেন্সি।
এএফপি জানিয়েছে, ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে এবং সাধারণত জনবহুল এমন এলাকায় সড়কগুলো বন্ধ রাখা হয়েছে। সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে সেটি কি বিমান হামলার কারণে নাকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা হয়েছে তা নিশ্চিত নয়।
সশস্ত্র বাহিনী ‘সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দেবে’
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলা এমন সময়ে চালানো হয়েছে যখন “আমরা আবারও আন্তর্জাতিক ব্যবস্থা ও বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনায় বসেছি— ইরানি জাতির বৈধতা প্রমাণের জন্য”। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী “আগ্রাসীদের কর্তৃত্বের সঙ্গে জবাব দেবে”।

উপসাগরজুড়ে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর ইরানি সংবাদ সংস্থায়
ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর।
আবুধাবিতে রকেটের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আজ জানিয়েছে যে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ এখনো ঘটনা বা আহতদের সংখ্যা সম্পর্কে আর বিস্তারিত প্রকাশ করেনি, যদিও ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং এলাকাটি সুরক্ষিত করার কাজ অব্যাহত রয়েছে।
রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে: এএফপি
বাহরাইন, কাতারের দোহার পর এ এবার সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিষ্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
এর আগে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সেখানে বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে। বিবিসি

