সাফল্যের উচ্ছ্বাসে উদযাপিত হলো টাওয়ার হ্যামলেটসের তরুণ প্রজন্মের মেধা, প্রতিভা ও অর্জন। বারার ২৪টি স্কুল ও কলেজের ২০০-এর বেশি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস ২০২৬।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে শিক্ষার্থী, পরিবার, শিক্ষক, স্কুলের নেতৃবৃন্দ ও কমিউনিটি প্রতিনিধিসহ প্রায় ৯০০ অতিথি অংশ নেন। ২০২৪ সালে পুনরায় চালুর পর এ বছর তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই আয়োজন।
শুধু পরীক্ষার ফলাফল বা শ্রেণিকক্ষের সাফল্য নয়- যেসব তরুণ নেতৃত্ব, সৃজনশীলতা, সহমর্মিতা, অধ্যবসায় এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেদের ও কমিউনিটির জন্য ইতিবাচক পরিবর্তন তৈরি করেছে, তাদেরও তুলে ধরা হয়েছে এ আয়োজনে।
স্কুল ও কলেজগুলোর মনোনয়নের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়। কাউন্সিল পরিচালিত স্কুল, অ্যাকাডেমি, স্পেশাল স্কুল, ইন্ডিপেন্ডেন্ট স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এ সম্মাননায় অংশ নেয়।
মেধা ও প্রতিভার অনন্য উদযাপন
পুরস্কার গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ছিল তরুণদের অংশগ্রহণে নানা পরিবেশনা, বক্তব্য, ভিডিও প্রদর্শন এবং বিশেষ আয়োজন। শুধু মঞ্চে পুরস্কার গ্রহণ নয়, পুরো অনুষ্ঠান পরিকল্পনা ও বাস্তবায়নেও তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এ বছরের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমরা চাই আমাদের বারার প্রতিটি তরুণ সফল হোক এবং তাদের জন্য যে সুযোগগুলো রয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করুক।”
তিনি বলেন, “এডুকেশন অ্যাওয়ার্ডস আমাদের বারার তরুণদের সাফল্য উদযাপন ও তাদের প্রতি আমাদের সমর্থন জানানোর অন্যতম একটি উপায়।”
মেয়র আরও বলেন, “এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাওয়েন্স (ইএমএ) এবং ইউনিভার্সিটি বার্সারি স্কিম পুনরায় চালু করার পর থেকে আমরা প্রায় ৬,৫০০ তরুণকে আর্থিক সহায়তা দিয়েছি, যাতে তারা তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে।” পরিবারগুলোর ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল ও স্কুল ইউনিফর্ম গ্র্যান্টের মতো উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
শিক্ষাকে কাউন্সিলের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে মেয়র বলেন, শিশু, তরুণ ও পরিবারগুলোর জন্য বিনিয়োগ অব্যাহত রাখা হবে, যাতে প্রত্যেক তরুণ নিজের সম্ভাবনা বিকশিত করার সর্বোত্তম সুযোগ পায়।
ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, এডুকেশন অ্যাওয়ার্ডস তরুণদের “দৃঢ়তা, উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্য উদযাপনের একটি সুযোগ।” তিনি বলেন, “এই পুরস্কারগুলো শুধু শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি নয়। এগুলো প্রতিকূলতা মোকাবিলায় দৃঢ়তা দেখানো, অন্যদের সহায়তায় নেতৃত্ব দেওয়া, সৃজনশীলতার মাধ্যমে নিজেদের প্রকাশ করা এবং স্কুল ও কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদেরও সম্মানিত করে।”
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অর্জন নিয়ে তাদের গর্বিত হওয়া উচিত এবং ভবিষ্যতে তারা কী অর্জন করে, তা দেখার জন্য তিনি অপেক্ষা করছেন।
কাউন্সিলের চিলড্রেন, ইয়াং পিপল অ্যান্ড লাইফ চান্সেস বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, প্রতিটি পুরস্কারের পেছনে রয়েছে “কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের গল্প।” তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসে থাকা অসাধারণ প্রতিভাবান তরুণ প্রজন্ম তাদের কাজের মাধ্যমে যে সম্ভাবনা তুলে ধরছে, তার জন্য তিনি গর্বিত। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে থাকা শিক্ষক, স্কুলের সহায়ক কর্মী, অভিভাবক ও যত্নদাতাদেরও তিনি ধন্যবাদ জানান।
তরুণদের কণ্ঠেই ভবিষ্যতের প্রত্যাশা
টাওয়ার হ্যামলেটসের ইয়াং মেয়র মুসা নূর বলেন, বিপুল সংখ্যক শিক্ষার্থীকে তাদের সাফল্যের জন্য সম্মানিত হতে দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, এডুকেশন অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা দেখিয়েছে যে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে বারার তরুণরা কত কিছু অর্জন করতে পারে।
শিক্ষায় বিনিয়োগের ধারাবাহিকতা
তরুণদের বিকাশের সুযোগ তৈরি করতে কাউন্সিলের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবেই এডুকেশন অ্যাওয়ার্ডস আয়োজন করা হচ্ছে। গত বছর প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে নতুন ভর্তি হওয়া শিশুদের পরিবারের জন্য ইউনিভার্সাল স্কুল ইউনিফর্ম গ্র্যান্ট চালু করা হয়। এ বছর এর আওতা বাড়িয়ে ইয়ার ৩ ও ইয়ার ১০-এ ওঠা শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। বার্ষিক আয় £৬০,০০০ পর্যন্ত থাকা পরিবারগুলো এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের সব শিক্ষার্থীর জন্য ইউনিভার্সাল ফ্রি স্কুল মিল চালু করেছে। কাউন্সিলের তথ্য অনুযায়ী, এর ফলে পরিবারগুলোর প্রতি শিশু বছরে গড়ে প্রায় £৫৫০ সাশ্রয় হচ্ছে।
এছাড়া এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাওয়েন্স (ইএমএ) পুনরায় চালুর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য গ্র্যান্টও প্রদান করছে কাউন্সিল। পরবর্তী দফার তহবিলের জন্য আবেদন চলতি মাসের শেষের দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক রিনে ও ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউজি)-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য দেন। সব মিলিয়ে, টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস ২০২৬ হয়ে উঠেছে শুধু পুরস্কার দেওয়ার একটি অনুষ্ঠান নয়; বরং তরুণদের স্বপ্ন, সংগ্রাম, মেধা ও সম্ভাবনাকে সামনে তুলে ধরার এক অনন্য উদযাপন। ২০০-এর বেশি তরুণের অর্জনকে সম্মান জানানোর মধ্য দিয়ে দিনটি মনে করিয়ে দিয়েছে- আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের টাওয়ার হ্যামলেটসের নতুন গল্প লিখবে।

