লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসীদের ওপর হামলার অভিযোগ, এনসিপির তীব্র প্রতিবাদ
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাধারণ প্রবাসী বাংলাদেশি ও দলটির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলার অভিযোগ করেছে দলটি। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি। একই সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পলিটিক্যাল কাউন্সিল-পিসি) জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। সেখানে তাঁর সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।
আখতার হোসেন বলেন, নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যে বসবাসরত এনসিপির নেতা-কর্মী ও সাধারণ প্রবাসীরা সম্মিলিতভাবে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে সাধারণ প্রবাসী এবং এনসিপির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালান। পরে প্রবাসীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তিনি দাবি করেন।
আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, তাদের সহিংস কর্মকাণ্ড শুধু বাংলাদেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ নেই, বিদেশের বিভিন্ন স্থানেও এ ধরনের ঘটনায় তারা জড়িত রয়েছে। এনসিপির কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশ সফরে গেলে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের লোকজন তাঁদের ওপর হামলা এবং নাশকতামূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন স্থানে হামলা ও নাশকতার ঘটনা ঘটানোর পর সেগুলোর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
আখতার হোসেন বলেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো যেভাবে হামলা বা নাশকতার পর নিজেদের কর্মকাণ্ডের কৃতিত্ব প্রচার করে, আওয়ামী লীগের নেতা-কর্মীরাও একইভাবে তাদের সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের কৃতিত্ব জাহির করছে্।
সংবাদ সম্মেলনে লন্ডনে প্রবাসীদের ওপর হামলার অভিযোগের তীব্র প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে বিদেশের মাটিতে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এর আগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব বক্তব্য তুলে ধরা হয়।

