ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় হামলা, দেশজুড়ে উদ্বেগ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় অগ্নিসংযোগ ও হামলার খবর পাওয়া গেছে।

এদিকে, একই রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। পরপর এসব ঘটনায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে পাঁচলাইশের বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়দের কেউ কেউ বাড়িটিতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পায় এবং বাড়ির তত্ত্বাবধায়কের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনে। তাঁর ভাষ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত হতে পারে কেরোসিন বা অকটেনের মতো দাহ্য পদার্থ থেকে।

বাড়ির নিচতলার কক্ষটি পুরোনো আসবাব ও কাপড়চোপড় রাখা ছিল। বাড়িটির ওপরের তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। তাঁদের কেউ হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা আগুন দিয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

ড. ইউনূসের বাড়িতে অগ্নিকাণ্ডের আগে ও একই সময়ের কাছাকাছি দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সাতকানিয়া, হবিগঞ্জের নবীগঞ্জ, টাঙ্গাইলের বাসাইল এবং বরিশালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েকটি স্থানে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এর আগে ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ২২টি শাখা অগ্নিসংযোগ বা অগ্নিসংযোগের চেষ্টার শিকার হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল।
বিভিন্ন সুত্র মতে, ১০ নভেম্বর থেকে অন্তত ৩৭টি শাখা ও কার্যালয় হামলা বা অগ্নিসংযোগের লক্ষ্যবস্তু হয়েছে।

গ্রামীণ ব্যাংক এসব ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের হামলা নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার সুযোগকে হুমকির মুখে ফেলছে। প্রতিষ্ঠানটি হামলার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক হামলা এবং ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোরও নজরে এসেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ১৯ নভেম্বরের প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংসতা, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা এবং ইউনূসের বাড়িতে আগুনের ঘটনাকে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তুলে ধরেছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ঘটনাগুলো গুরুত্ব পেয়েছে।

দেশের ভেতরে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটির বক্তব্য, ব্যাংকের শাখাগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, দেশের লাখ লাখ নিম্ন আয়ের মানুষের সঞ্চয়, ঋণ ও জীবিকার সঙ্গে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম জড়িত।

ড. ইউনূসের বাড়িতে অগ্নিকাণ্ড, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা এবং একই রাতে রাজনৈতিকভাবে আলোচিত এক সাবেক মেয়রের বাসায় পুলিশের তল্লাশি- সব মিলিয়ে চট্টগ্রামের ঘটনাপ্রবাহ জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কত দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আর্থিক সেবা কেন্দ্র ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কী পদক্ষেপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *