ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি: বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসের স্থান হবে না

সাম্প্রতিক
শেয়ার করুন

জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, গণভোটের গণরায় ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবি

রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।”

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন জামায়াত আমির। একই সঙ্গে জুলাই বিপ্লবসহ বিভিন্ন সময়ে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ, জাতি ও সংগঠন বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে সবাইকে ঐকান্তিকভাবে কাজ করে যেতে হবে।

তিনি দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, দুনিয়ার অর্জন নয়, আখিরাতই মুমিনের প্রধান লক্ষ্য। তাই প্রতিটি কাজের মধ্যে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে হবে।

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আমীরে জামায়াত বলেন, এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে।

তিনি অবিলম্বে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশের বাস্তবতায় গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি।

তিনি বলেন, সংসদে জামায়াত একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। জনগণের কণ্ঠস্বর হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে জামায়াতের অবস্থান অটুট থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জাতির সামনে প্রকাশ করার দাবি জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে ইতোমধ্যে সংসদে নোটিশ দেওয়া হয়েছে।

এসব বিষয়ে সংসদে যথাযথ জবাব না পাওয়া গেলে জনগণের কাছে গিয়ে বক্তব্য তুলে ধরতে হবে। এ জন্য দলের সর্বস্তরের দায়িত্বশীলদের জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় কর্মপরিষদের এ বৈঠকে ২০২৭ সালের বার্ষিক সাংগঠনিক পরিকল্পনা, সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দেশ ও জাতির বর্তমান সংকট মোকাবিলা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *