জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি সম্মেলন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল

সাম্প্রতিক
শেয়ার করুন

রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের যুব প্রতিনিধি সম্মেলন। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এ সম্মেলনে দলের শীর্ষ নেতারা তরুণ সমাজের ভবিষ্যৎ, রাষ্ট্র সংস্কার, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, গণতন্ত্র, রাজনৈতিক পরিস্থিতি এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সম্মেলনে প্রধান অতিথি-সহ শীর্ষ নেতাদেরর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আপসহীন থাকার প্রত্যয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করা এবং নাগরিক অধিকার সুরক্ষিত রাখা সংক্রান্ত তারুণ্যদীপ্ত মন্তব্য সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আমরা আপস করব না। সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, মেহেরপুর জেলা আমীর ও জাতীয় সংসদ সদস্য মাওলানা মো. তাজ উদ্দিন খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কামাল হোসেন এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মো. মোবারক হোসাইন, ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ঢাকা-১৬ আসনের জাতীয় সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন এমপি, ঢাকা-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান এমপি, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আবু সাদিক কায়েম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামছুজ্জামান হেলালী এবং খুলনা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোকাররম বিল্লাহ আনসারী প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। জাতি ৩৬ জুলাই ঘটিয়েছে। ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্তের বিনিময়ে আমরা এটি পেয়েছি। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিলেন। তাঁরা সব ক্ষেত্রে ন্যায়বিচার চেয়েছিলেন। মানুষের মৌলিক অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে আচরণ করবে- তাঁরা সেটিই চেয়েছিলেন।

আমীরে জামায়াত বলেন, জনআকাঙ্ক্ষা ও বিপ্লবীদের প্রত্যাশাকে ধারণ করে এবং ২০২৪ সালের ৫ আগস্টের রক্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য পরিষদ গঠিত হয়েছিল। এতে ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। সেখানে জুলাই চার্টার রচিত হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচন হওয়ার কথা ছিল। একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্রের সংস্কার বা পুনর্গঠনের জন্য। নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মেনে নিলেও অন্যটি মানেনি। তারা প্রতারণা করেছে। সংকটটি তারাই তৈরি করেছে। আমরা বলেছি, এ প্রতারণা মানব না, জাতিও মানবে না। বিএনপিকে দেওয়া ওয়াদা পূরণ করতেই হবে। আমরা জনগণের এ দাবি আদায় করে ছাড়ব। এ দাবি পরিত্যক্ত হতে দেব না। সরকার এ দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের কথা বলে যাচ্ছে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ শতাংশ মানুষ এ বিষয়ে রায় দেয়নি। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে এবং নির্বাচনী ব্যবস্থার ওপর কুঠারাঘাত করছে। সরকার মানুষের আস্থার ভিত্তি ধ্বংস করে দিচ্ছে। যে জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আমরা আপস করব না।

আমীরে জামায়াত বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাস। যার মধ্যে এর লক্ষণ দেখা যায়, তাকেই ফ্যাসিবাদী বলা যায়। বর্তমান সরকারের মধ্যে এর প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে। আমরা সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। দেশের জনগণের ভালোবাসায় আমরা অভিভূত। বিভাগীয় পর্যায়ে আমাদের সমাবেশ ও লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের দাবিগুলো কোনো দলের নয়, আপামর জনতার। দাবিগুলো জনগণের ভোটাধিকার এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আদায়ের।

তিনি বলেন, অনেক যুবক এখন মাদকের গডফাদার হয়ে উঠেছে। তারা তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। আজ স্কুলগুলোতে মাদক বিক্রি হয়। স্কুলশিক্ষকদের বলতে বাধ্য হতে হচ্ছে, ‘বাবা, স্কুলে অন্তত মাদক সেবন করো না।’ কার সন্তান এতে হারিয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। অত্যন্ত পরিকল্পিতভাবে দেশ ও জাতিকে ধ্বংস করতে এভাবে তরুণ ও যুবসমাজের ওপর আঘাত হানা হয়েছে।

কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের উৎপাত শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে। এটি সমাজের জন্য ভয়ংকর হুমকি। যে সমাজব্যবস্থা ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থে এ ধরনের অপকর্মকে লালন করেছে, তারাই মূল অপরাধী। নির্দিষ্ট ক্ষুদ্র স্বার্থে তারা বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, এ সমাজকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে চর দখলের মতো দখল করা হচ্ছে। জোর করে সেখানে ভিসি, প্রিন্সিপাল ও প্রধান শিক্ষক বসিয়ে দেওয়া হচ্ছে, যাঁদের দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতাও নেই। তাঁরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেবেন- এমনটি ভাবার অর্থ বোকার স্বর্গে বাস করা। স্কুল, কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটিগুলো দলীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মেধাহীন ও দলবাজ শিক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ক্ষতি করতে আমরা এ সরকারকে আর এক মিনিটও সময় দিতে চাই না। জনগণ শুধু বুঝে নিক, কার কী চরিত্র ও চেহারা। জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি ও অস্ত্রই আর কাজ করে না, ভোঁতা হয়ে যায়। এ কথা বলে তিনি সরকারকে সতর্ক করেন। এ সময় তিনি ২০২৪ সালের তরুণদের নিরস্ত্র আন্দোলনের কথাও স্মরণ করিয়ে দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর দেওয়া জনগণের শক্তি দুনিয়ার সবচেয়ে বড় শক্তি। আল্লাহর দেওয়া এ জনগণের সংগঠিত শক্তিকে আমরা সম্মান ও শ্রদ্ধা জানাই। জামায়াত যে ন্যায়ভিত্তিক সমাজ চায়, তা সবাই চায়। কেউ চায় না, তার ওপর কেউ জুলুম করুক কিংবা তার চাকরি ও ব্যবসার অধিকার কেড়ে নিক। সবাই সম্মান ও নিরাপত্তার সঙ্গে দেশে বসবাস করতে চায়। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে ভালো কাজ নন্দিত হবে এবং খারাপ কাজ ও মন্দ ব্যক্তিরা নিন্দিত হবে। অল্প কিছু অপরাধী গোটা সমাজকে জিম্মি করে রেখেছে। এ অপরাধী চক্রকে ভেঙে তছনছ করে দিতে হবে। আল্লাহর ওপর আমাদের ভরসা আছে। আমরা পারব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো ভোটচোর, ডাকাত ও ইঞ্জিনিয়ারকে ছাড় দেওয়া হবে না। এখন থেকেই প্রস্তুতি নিয়ে জনগণকে সংগঠিত করার আহ্বান জানান আমীরে জামায়াত। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করব। ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকা যুবসমাজকে নিয়ে যখন আমরা দৃশ্যমান কার্যক্রম পরিচালনা করতে পারব, তখনই যুব ও ক্রীড়া বিভাগের কাজের সফলতা আসবে।

আমীরে জামায়াত বলেন, আমাদের বার্তা পরিষ্কার—কোনো অন্যায়ের কাছে মাথানত করব না এবং কোনো অন্যায়কে মাথা তুলে দাঁড়াতে দেব না, ইনশাআল্লাহ। একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের তাওফিক কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বিপ্লব একটি হবে, সেটি হবে ইসলামী বিপ্লব। আমি আপনাদের সঙ্গে দেখা করতে এবং সালাম জানাতে আজ এখানে উপস্থিত হয়েছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাসীন শাসক দল বাংলাদেশের তরুণ সমাজকে চরিত্রহীনতা ও অনৈতিকতার ধ্বংসজোয়ারে ভাসিয়ে দিয়ে জাতি ও দেশ গঠনের মূল শক্তি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, ঘাট দখল, হাট দখল, বস্তি দখল, নেশা ও মাদকের দিকে ঠেলে দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে জাতি গঠনের চিন্তা, ঐক্য ও শক্তি থেকে বিচ্ছিন্ন করে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, লক্ষ মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জাতিকে একটি সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, যে সংঘাত, রক্তপাত ও সহিংসতা থেকে জাতিকে নতুন বাংলাদেশের পথে ফিরিয়ে নিতে চেয়েছিলাম, সরকার নিজেই আবার এ দেশের মানুষকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। তারা একদলীয় কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী চায়, চাঁদাবাজি ও দখলদারির পরিবর্তে তারুণ্যকে ধ্বংসের জোয়ার থেকে রক্ষা করতে। তরুণদের আল্লাহভীরু, অনৈতিকতা ও অশ্লীলতা থেকে সংযমী যুবক হিসেবে গড়ে তুলতে চায় দলটি। তারা যেন সমাজ বদলে দেওয়ার বিপ্লবের বিপ্লবী হয়ে উঠতে পারে। এ ধরনের যুবক তৈরি করার লক্ষ্যেই আমাদের যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে চাঁদাবাজি, মাস্তানি, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা ও নানা সুযোগ-সুবিধাকে কেন্দ্র করে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, যুবকদের সেই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে। আমরা নির্বাচিত হব, স্থানীয় প্রতিনিধিত্ব তারুণ্যের হাতে আসবে।

মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আগামী দিনে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক, সুন্দর ও শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নানা কারসাজি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশের যুবকরা ২০২৪ সালে অবিস্মরণীয় ঘটনা ঘটিয়েছেন। এ আন্দোলনে শুধু ছাত্ররাই নন, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যুবক এবং নারী যুবকরাও অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের এ পরিবর্তনও একটি অবিস্মরণীয় আন্দোলন। জামায়াতের তৃণমূল পর্যায়ের যুবশক্তিকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনের পরিবর্তনের জন্য যে ভিত্তি তৈরি করা প্রয়োজন, সে উদ্যোগ নেওয়ার জন্য তিনি যুব প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, বাংলাদেশ আজ একটি ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখে উপনীত হয়েছে। বর্তমানে বাংলাদেশে আমরা যতগুলো সংকট দেখছি, সেগুলো উত্তরণে বর্তমান সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা দেখছি, জুলাই বিপ্লবে মাঠে-ময়দানে যাঁরা ছিলেন, তাঁদের সবার জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ বাংলাদেশের নয়, ভারতের সংগঠন।

নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ ও বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমন একটি নতুন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের যুবকদের সবচেয়ে বড় সমস্যা নৈতিক ও চারিত্রিক সমস্যা। অশ্লীলতা ও বেহায়াপনার ব্যাপক বিস্তারে আমাদের তরুণ ও যুবকরা হাবুডুবু খাচ্ছে। আমাদের যুবকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের উপযুক্ত করে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে।

অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ২০২৪-পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, দেশ সংস্কার হবে, বাংলাদেশ সুন্দর হবে এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা লক্ষ করলাম, বাংলাদেশ আবার সেই পুরোনো প্রাতিষ্ঠানিক বন্দোবস্তের দিকে হাঁটতে শুরু করেছে। সারা পৃথিবীতে যত রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম হয়েছে, সেসবের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তার বড় একটি অংশজুড়ে রয়েছে যুবকদের অবদান। আজকের এ যুব সম্মেলন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যাঁরা নতুন বাংলাদেশের স্বপ্ন মনে এঁকেছেন, তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ভূমিকা রাখতে হবে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিএনপি সরকারের ব্যর্থতার কারণে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে এবং প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে আজ তারা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করার সুযোগ পাচ্ছে। সরকারকে আহ্বান জানাব, দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার রায় কার্যকর করা হোক এবং তাঁর সব দোসরের রায়ও কার্যকর করা হোক। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হোক।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ফ্যাসিবাদী শাসনের কবলে ছিল। বাংলাদেশের রাজনীতি তখন গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। এ অবস্থায় জামায়াতে ইসলামী অন্যায়ের সঙ্গে আপস করেনি, মাথানত করেনি। সংগ্রাম ও আন্দোলনের ধারাবাহিকতায় আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করেছি।

তিনি বলেন, আমরা আমাদের যুবক ও তরুণদের বাংলাদেশের সামগ্রিক রাজনীতির দিকনির্দেশক হিসেবে দেখতে চাই। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সন্ত্রাস, মাদক ও অস্ত্রমুক্ত একটি সুষ্ঠু, সুন্দর ও সবল পরিবেশে প্রতিভাবান, বুদ্ধিদীপ্ত ও সাহসী তরুণদের নেতৃত্ব দেখতে চাই। দেশের শহর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা এসব তরুণকে আমরা বুকে জড়িয়ে ধরে হৃদয়ের সমস্ত ভালোবাসা ও উষ্ণতা দিয়ে গড়ে তুলতে চাই। জামায়াত আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমাজের সর্বস্তরে যুব ও তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *