১৬ নভেম্বর নাগরিক সংবর্ধনা | ব্রিটিশ পার্লামেন্ট ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে গুরুত্বপূর্ণ কর্মসূচি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান যুক্তরাজ্য এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী।

বিমানবন্দরে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা নাহিদ ইসলাম। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ এবং কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) প্রকৌশলী কামরুল আরিফ।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, সহ-সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) আরাফাত আলিফ খান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, কেন্দ্রীয় সদস্য মো. মজিবুল আলম হিমেল, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আহ্বায়ক মাকসুদুল হক শাকুর এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব প্রকৌশলী মেরাজ আজিজ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ব্রিটিশ পার্লামেন্টে গুরুত্বপূর্ণ বৈঠক: যুক্তরাজ্য সফরে নাহিদ ইসলামের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক।
এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার পরিস্থিতি এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম: সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন এনসিপি আহ্বায়ক। সেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, আন্দোলনের ঘটনাপ্রবাহ এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরবেন।

প্রবাসীদের সঙ্গে মতবিনিময়, ১৬ নভেম্বর নাগরিক সংবর্ধনা
যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ও নাহিদ ইসলামের এই সফরের অন্যতম উদ্দেশ্য।
যুক্তরাজ্য এনসিপির আবু বকর নিহাজ জানান, সফরকালে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, দেশের প্রতি তাঁদের অবদান, ভাবনা ও প্রত্যাশার কথা শুনবেন। আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে।

এনসিপি আহ্বায়ক হিসেবে প্রথম যুক্তরাজ্য সফর: এনসিপির আহ্বায়ক হিসেবে এটিই নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর। ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত নির্ধারিত এ সফরকে ঘিরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক জানান, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার পরিস্থিতি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে সফরের উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। তাঁদের ভাবনা, প্রত্যাশা, অভিজ্ঞতা ও মতামত শোনার পাশাপাশি যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি, মানবাধিকার সংগঠন এবং বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আগ্রহী বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে তাঁর একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করাই এসব আলোচনার অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এনসিপির যোগাযোগ ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, মানবাধিকার এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি হবে।
ব্রিটিশ পার্লামেন্টে বৈঠক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়— সব মিলিয়ে একাধিক কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য সফর করছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

