অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় সংসদীয় দল।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় দলটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে দলটির প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
ইয়াসির আরাফাত জানান, বিরোধীদলীয় সংসদীয় এই দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও ডা.মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুরে তার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। এছাড়া দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে। নুসরাতের অভিযোগ, হামলাকারীরা তার পরিবারের সদস্যদের হত্যা করার উদ্দেশ্যে পেট্রোল বোমা নিক্ষেপের পর তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইউএনবি

