দোষীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা জামায়াতের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ধরনের হামলা অত্যন্ত কাপুরুষোচিত। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য উচ্চ মূল্য দিতে হবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

এদিকে, একই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দেওয়া এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ নভেম্বর রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত ও উদ্বেগজনক।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে গভীর রাতে এ ধরনের সন্ত্রাসী হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। কোনোভাবেই এ ধরনের সহিংসতা মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে তিনি আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় সরকারকেই বহন করতে হবে।

রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্নমত কখনোই হামলা, সহিংসতা ও অগ্নিসংযোগের বৈধ অজুহাত হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে নুসরাত তাবাসসুম জ্যোতি ও তাঁর পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *