যুক্তরাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রিমেমব্রেন্স ডে || সাঈদ চৌধুরী

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সিনোটাফ, ওয়েস্টমিনস্টার অ্যাবি ও টাওয়ার হ্যামলেটসে শ্রদ্ধা নিবেদন

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-সহ বিভিন্ন সংঘাতে নিহত ও আত্মোৎসর্গকারী সামরিক ও বেসামরিক ব্যক্তিদের স্মরণে যুক্তরাজ্যজুড়ে পালিত হচ্ছে রিমেমব্রেন্স ডে বা স্মরণ দিবস। লন্ডনের ঐতিহাসিক সিনোটাফ, ওয়েস্টমিনস্টার অ্যাবি এবং টাওয়ার হ্যামলেটস-সহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

নভেম্বর মাস যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর মানুষের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসে জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষ স্মরণ করেন তাঁদের, যাঁরা দেশ ও মানুষের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। যুদ্ধের ময়দানে প্রাণ হারানো সৈনিকদের পাশাপাশি বিভিন্ন সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের প্রতিও জানানো হয় গভীর শ্রদ্ধা।

১১ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য: রিমেমব্রেন্স ডে বা আর্মিস্টিস ডে পালনের পেছনে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস। ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল ১১টায় প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। অর্থাৎ, ১১তম মাসের ১১তম দিনের ১১তম ঘণ্টায় যুদ্ধের গোলাগুলি থেমে যায়। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করেই প্রতিবছর ১১ নভেম্বর সকাল ১১টায় দুই মিনিট নীরবতা পালন করা হয়।

১৯১৯ সালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দুই মিনিট নীরবতা পালনের প্রচলন শুরু হয়। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দিনটি আরও বিস্তৃত অর্থে রিমেমব্রেন্স ডে হিসেবে পরিচিতি লাভ করে। এই দিনটি শুধু প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে দায়িত্ব পালনকারী ব্রিটিশ ও কমনওয়েলথের সশস্ত্র বাহিনী, সাবেক সেনাসদস্য, মার্চেন্ট নেভির নাবিক এবং বেসামরিক ব্যক্তিদের অবদান ও আত্মত্যাগও স্মরণ করা হয়।

২০২৬ সালের ১১ নভেম্বর, বুধবার সকাল ১১টায় যুক্তরাজ্যজুড়ে রিমেমব্রেন্স ডে পালিত হচ্ছে। এ উপলক্ষে লন্ডনের বিভিন্ন স্থানে স্মরণানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

লন্ডনের ঐতিহাসিক সিনোটাফে জাতীয় স্মরণানুষ্ঠান: যুক্তরাজ্যের জাতীয় পর্যায়ের প্রধান স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৮ নভেম্বর, রোববার, মধ্য লন্ডনের হোয়াইটহলের ঐতিহাসিক সিনোটাফে (The Cenotaph)। সকাল ১১টায় শুরু হওয়া ন্যাশনাল সার্ভিস অব রিমেমব্রেন্সে রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামরিক বাহিনীর প্রতিনিধি এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে দুই মিনিট নীরবতা পালনের পাশাপাশি সিনোটাফে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ব্রিটিশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, মার্চেন্ট নেভি, সাবেক সামরিক সদস্য এবং বিভিন্ন বেসামরিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।

অন্যদিকে, ১১ নভেম্বর বুধবার আর্মিস্টিস ডে উপলক্ষে লন্ডনের সিনোটাফ ও গার্ডস চ্যাপেলে ওয়েস্টার্ন ফ্রন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পৃথক স্মরণানুষ্ঠানের কর্মসূচি নির্ধারিত রয়েছে। সংগঠনটির কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় অংশগ্রহণকারীরা কিং চার্লস স্ট্রিটে সমবেত হবেন। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে প্যারেড হোয়াইটহলে প্রবেশ করবে। পরে দুপুর ১২টায় বার্ডকেজ ওয়াকের গার্ডস চ্যাপেলে বার্ষিক প্রার্থনাসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পপি ফুলের স্মরণানুষ্ঠান: রিমেমব্রেন্স ডে উপলক্ষে ওয়েস্টমিনস্টার অ্যাবির নর্থ গ্রিনে ৬ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘ফিল্ড অব রিমেমব্রেন্স’। এখানে যুদ্ধে প্রাণ হারানো স্বজন ও সামরিক সদস্যদের স্মরণে হাজার হাজার পপি-সংবলিত স্মারক ও ব্যক্তিগত শ্রদ্ধার্ঘ্য স্থাপন করা হয়েছে। ১৯২৮ সাল থেকে চলে আসা এই আয়োজন যুক্তরাজ্যের স্মরণ দিবসের অন্যতম ঐতিহ্য। বিভিন্ন পরিবার, সংগঠন, সাবেক ও বর্তমান সামরিক বাহিনীর সদস্যরা তাঁদের প্রিয়জনদের স্মরণে এখানে পপি ফুল ও স্মারক স্থাপন করেন।

টাওয়ার হ্যামলেটসে বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন: টাওয়ার হ্যামলেটসেও যথাযোগ্য মর্যাদায় রিমেমব্রেন্স ডে পালিত হচ্ছে। এ উপলক্ষে বারার বিভিন্ন স্থানে একাধিক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে ৮ নভেম্বর রিমেমব্রেন্স সানডে উপলক্ষে বিভিন্ন স্থানে স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টাওয়ার হ্যামলেটসের মার্চেন্ট নেভি মেমোরিয়ালে আয়োজিত স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ স্টিভ হোলসি, কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মুস্তাক আহমদ এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অন্যান্য প্রতিনিধিরা। এছাড়া লাইমহাউসের সেন্ট অ্যান’স চার্চ, বেথনাল গ্রিন চার্চ অ্যান্ড গার্ডেনস, স্টেপনির সেন্ট ডানস্টান অ্যান্ড অল সেইন্টস চার্চ, সেন্ট জর্জ ইন-দ্য-ইস্ট চার্চ এবং মিলওয়ালের সেন্ট লুকস চার্চে পৃথক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণ দিবস উপলক্ষে টাওয়ার হ্যামলেটস টাউন হল ৮ নভেম্বর রিমেমব্রেন্স সানডে থেকে ১১ নভেম্বর পর্যন্ত লাল, সাদা ও নীল রঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। একই সময়ে সম্মান ও শ্রদ্ধার প্রতীক হিসেবে ইউনিয়ন পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে।

লাল পপি ফুল কেন স্মরণের প্রতীক? রিমেমব্রেন্স ডের অন্যতম পরিচিত প্রতীক লাল পপি ফুল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স ও বেলজিয়ামের যুদ্ধবিধ্বস্ত এলাকায় ব্যাপকভাবে পপি ফুল ফুটতে দেখা যায়। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও এই ফুলের প্রস্ফুটন মানুষের মনে নতুন জীবন ও আশার প্রতীক হয়ে ওঠে। কানাডীয় চিকিৎসক ও সেনা কর্মকর্তা জন ম্যাকক্রের ১৯১৫ সালে লেখা ‘ইন ফ্ল্যান্ডার্স ফিল্ডস’ কবিতাও পপি ফুলকে স্মরণের প্রতীক হিসেবে জনপ্রিয় করে তোলে। ১৯২১ সালে রয়্যাল ব্রিটিশ লিজিয়ন লাল পপিকে আনুষ্ঠানিকভাবে স্মরণের প্রতীক হিসেবে গ্রহণ করে।

বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে রিমেমব্রেন্স ডে উপলক্ষে মানুষ পোশাকে লাল পপি ফুলের প্রতীক ধারণ করেন। এর মাধ্যমে তাঁরা যুদ্ধে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাবেক ও বর্তমান সামরিক বাহিনীর সদস্য এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার প্রকাশ করেন। পপি ফুল বিক্রি থেকে সংগৃহীত অর্থের একটি অংশও সাবেক সামরিক সদস্য ও তাঁদের পরিবারকে সহায়তায় ব্যয় করা হয়।

রিমেমব্রেন্স সানডে ও রিমেমব্রেন্স ডের পার্থক্য: যুক্তরাজ্যে রিমেমব্রেন্স ডে প্রতিবছর নির্দিষ্টভাবে ১১ নভেম্বর পালিত হয়। অন্যদিকে রিমেমব্রেন্স সানডে পালিত হয় নভেম্বর মাসের দ্বিতীয় রবিবার। ২০২৬ সালে রিমেমব্রেন্স সানডে ছিল ৮ নভেম্বর। দুই দিনেই সকাল ১১টায় দুই মিনিট নীরবতা পালনের মাধ্যমে যুদ্ধে নিহত ও আত্মত্যাগকারীদের স্মরণ করা হয়। বিভিন্ন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, প্রার্থনা, সামরিক কুচকাওয়াজ ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

রিমেমব্রেন্স ডে মূলত অতীতের যুদ্ধ ও আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শান্তি, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরার একটি উপলক্ষ। যাঁদের আত্মত্যাগে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে, তাঁদের অবদান যেন কখনো বিস্মৃত না হয়- সেই বার্তাই বহন করে এই স্মরণ দিবস।

* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *