যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির লোগান সার্কেল এলাকায় একটি ফিটনেস সেন্টারে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিসি পুলিশ।
স্থানীয় সময় সকালে শহরের ১৫তম ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। গুলির ঘটনা একটি ফিটনেস সেন্টারে শুরু হলেও পরে তা আশপাশের এলাকা এবং একটি আবাসিক ভবন পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
ডিসি পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জেফ্রি ডব্লিউ ক্যারল জানান, স্থানীয় সময় সকাল ৮টার ঠিক আগে জরুরি সেবায় গুলি চালানোর খবর আসে। খবর পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলেই একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত করে। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং বাকি তিনজনের আঘাত তুলনামূলক কম গুরুতর বলে প্রাথমিকভাবে জানানো হয়।
পুলিশের ধারণা, হামলার পর সন্দেহভাজন ব্যক্তি কাছের একটি আবাসিক ভবনের সপ্তম তলার একটি অ্যাপার্টমেন্টে গিয়ে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। সেটি তাঁর নিজের বাসা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ প্রধান জানান, সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগের জন্য আলোচনাকারীরা প্রথমে ফোনে কথা বলেন। একপর্যায়ে তাঁরা অ্যাপার্টমেন্টের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান। এরপর সন্দেহভাজন যোগাযোগ বন্ধ করে দেন।
পরে পুলিশ সদস্যরা জোরপূর্বক অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তাঁকে নিজের গুলিতে আহত অবস্থায় দেখতে পান। তাঁর আত্মহত্যার চেষ্টার আলামতও পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
ডিসি পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
পুলিশের প্রাথমিক ধারণা, আবাসিক ভবনটিকে কেন্দ্র করে কোনো বিরোধের জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। সন্দেহভাজন ব্যক্তি একজন শ্বেতাঙ্গ পুরুষ বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, গুলির ঘটনার সময় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ভবনের ভেতরে অবস্থান করবেন, নাকি নিরাপত্তার জন্য বাইরে বেরিয়ে যাবেন— তাৎক্ষণিকভাবে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের। এক বাসিন্দা তাঁর এক প্রতিবেশীকে রক্তাক্ত অবস্থায় দেখার কথাও জানিয়েছেন।
হোয়াইট হাউস থেকে এক মাইলেরও কম দূরত্বে এ ঘটনা ঘটায় আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আবাসিক ভবনটি পুরোপুরি নিরাপদ কি না নিশ্চিত করতে তল্লাশি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে। সুত্র: বিবিসি ও রয়টার্স

