রাজনৈতিক অধিকার, দ্বৈত নাগরিকত্ব ও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি-সহ ১১ দফা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ

প্রবাসী বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

||সাঈদ চৌধুরী||

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের নাগরিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বঞ্চনা দূর করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। প্রবাসীদের ভোটাধিকার, দ্বৈত নাগরিকত্বধারীদের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ, সংসদের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব, সম্পদের নিরাপত্তা, দূতাবাসের সেবার মান উন্নয়ন এবং বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ-সহ ১১ দফা দাবি নিয়ে কাজ করবে নবগঠিত এই সংগঠন।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) পূর্ব লন্ডনে আয়োজিত সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির প্রথম যৌথ সভা ও পরিচিতি অনুষ্ঠানে এসব দাবি ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিচারপতি, আইনজীবী, শিক্ষাবিদ, রাজনীতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

সংগঠনের সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক জাজ মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বিচ্ছিন্ন ও ব্যক্তিগত উদ্যোগের পরিবর্তে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করে সমন্বিতভাবে অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নেওয়াই পরিষদের মূল লক্ষ্য।

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে অতীতে সম্মিলিতভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে সমন্বিত ও জোরালো আন্দোলন গড়ে তোলার ফলে ইতিবাচক অগ্রগতি সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার একটি প্রাতিষ্ঠানিক সাংগঠনিক কাঠামোর মাধ্যমে দীর্ঘমেয়াদে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তাঁর ভাষায়, সংগঠনটির কার্যক্রম যুক্তরাজ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউরোপ, আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত যেসব বাংলাদেশি দেশের কল্যাণ নিয়ে ভাবেন এবং প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে আগ্রহী, তাঁদের সবাইকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।

জাজ বেলায়েত হোসেন জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পরপরই দ্বৈত নাগরিকত্ব এবং সংসদীয় প্রতিনিধিত্বকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব বিষয় সংবিধানের সংশ্লিষ্ট বিধান সংশোধন ও আইনি পর্যালোচনার সঙ্গে সম্পর্কিত।

সম্প্রতি বাংলাদেশ সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আইনমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। প্রবাসীদের অধিকার, বাংলাদেশে যাতায়াত, বসবাস ও বিনিয়োগের ক্ষেত্রে অযথা বাধা থাকা উচিত নয়— এমন নীতিগত অবস্থানের বিষয়ে মন্ত্রীরা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে তিনি জানান।

একই লক্ষ্য নিয়ে কাজ করা অন্যান্য সংগঠনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও কার্যকর কর্মসম্পর্ক গড়ে তুলে যৌথভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনাতেও মন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে জাজ বেলায়েত হোসেন বলেন, এই কমিউনিটির ইতিহাস শত বছরেরও বেশি পুরোনো। ভৌগোলিক দূরত্ব থাকলেও প্রবাসীদের হৃদয় মাতৃভূমির সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসীরা বিশেষ অবদান রেখেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ও সংগঠক সিরাজুল ইসলাম শাহীন বলেন, লন্ডন থেকে যাত্রা শুরু হলেও পরিষদের কার্যক্রম বিশ্বব্যাপী সম্প্রসারণ করা হবে। পৃথিবীর যেখানেই বাংলাদেশি প্রবাসীরা বসবাস করেন, তাঁদের কাছে গিয়ে সমস্যা ও প্রয়োজনের কথা শুনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় দেড় কোটি বাংলাদেশি প্রবাসী রয়েছেন। ২০২৫-২৬ অর্থবছরে তাঁরা ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। অর্থনীতিতে এত বড় অবদান রাখার পরও প্রবাসীদের অধিকার ও সমস্যা যথাযথভাবে সমাধান হচ্ছে না। এই বাস্তবতা থেকেই সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সংগঠনটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কার্যক্রমের সমন্বয় ও সম্প্রসারণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না থাকা নাগরিক অধিকারের পরিপন্থী। পূর্ণাঙ্গ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে প্রবাসীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে বিচারপতি ইমান আলী জানান, ১৯৬৬ সালে তিনি বাংলাদেশ থেকে লন্ডনে আসেন। ১৯৭০-এর দশকে বাংলাদেশে ফিরে উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ থেকে বাংলাদেশ হাইকমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু হাইকমিশন থেকে কোনো উত্তর পাননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাতে লেখা একটি প্রসপেক্টাস পেলেও সেটির লেখা অস্পষ্ট ও এলোমেলো হওয়ায় বাংলাদেশে পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলেন।

১৯৮১ সাল থেকে ব্রিটিশ সরকারের একটি সংস্থার পক্ষ থেকে তাঁকে বাংলাদেশে পাঠানো হতো। এ সময় বাংলাদেশের একজন সচিবের সঙ্গে প্রবাসীদের নাগরিকত্ব নিয়ে আলোচনার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, তাঁকে জানানো হয়েছিল, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে হবে। এর প্রতিবাদ করে তিনি স্বাধীনতার পরেই প্রবাসীদের দ্বৈত নাগরিকত্বের সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরেন।

বিচারপতি ইমান আলী জানান, বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তানি পাসপোর্টে বিশেষ সিল দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাঁর নিজের সেই পাসপোর্ট এখনো সংরক্ষিত রয়েছে। তিনি বলেন, “আমি বাংলাদেশে জন্মেছি, তাই আমি বাংলাদেশের নাগরিক।” তাঁর মতে, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলেও বাংলাদেশের নাগরিকত্ব বজায় রাখা সম্ভব হলে শুধু প্রবাসে বসবাসের কারণে রাজনৈতিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়।

দীর্ঘ আন্দোলনের ফলে প্রবাসীদের ভোটাধিকার কিছুটা নিশ্চিত হলেও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি বলে তিনি উল্লেখ করেন। একাধিক নাগরিকত্ব থাকা সত্ত্বেও কানাডার মতো দেশে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের উদাহরণ টেনে তিনি প্রবাসীদের রাজনৈতিক অধিকারের বিষয়টি নতুন করে বিবেচনার আহ্বান জানান।

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক নজরুল খসরু প্রবাসীদের সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকারকে মৌলিক নাগরিক অধিকারের আলোকে বিবেচনার আহ্বান জানান। তাঁর মতে, দ্বৈত নাগরিকত্ব বা বিদেশে বসবাসের কারণে রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ থেকে বঞ্চিত করার বিষয়টি আইনি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি ইউরোপীয় মানবাধিকার আদালতের একটি মামলার প্রসঙ্গ উল্লেখ করে নাগরিকদের সমানভাবে বিবেচনার ওপর গুরুত্ব দেন। প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে সংবিধানের সংশ্লিষ্ট বিধানগুলোর বৈষম্যমূলক দিক উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার পরামর্শ দেন তিনি। এ লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে রিট আবেদন করার উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও মত দেন।

নজরুল খসরু বলেন, প্রবাসীরা বাংলাদেশের প্রতি আনুগত্যের শপথ গ্রহণের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনীতিতে প্রবাসীদের অবদানের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, গত বছর বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ৩৬ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।

এ অবস্থায় বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি নন-রেসিডেন্ট বাংলাদেশি বা এনআরবি বিনিয়োগকারীদের জন্য পৃথক বিনিয়োগ শ্রেণি চালুর প্রস্তাব দেন তিনি। এ শ্রেণির জন্য নির্দিষ্ট বিনিয়োগ লক্ষ্যমাত্রা, বিশেষ সুযোগ-সুবিধা ও সহায়ক নীতিমালা প্রণয়ন করা হলে প্রবাসীদের সঞ্চয় দেশের উৎপাদনশীল খাতে কাজে লাগানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।

পরিষদের উপদেষ্টা, বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী বলেন, প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সম্মিলিত এবং সুসংগঠিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠনের প্রয়োজনীয়তা তিনি দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন। কমিটির নেতৃত্বে আইনজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। বর্তমানে একসঙ্গে তিনজন সম্মানিত বিচারপতিকে পাশে পাওয়া সংগঠনের জন্য বড় সুযোগ। প্রকাশিত ১১ দফা প্রস্তাব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি অধ্যাপক শাহগির বখত ফারুক প্রবাসীদের সমস্যা সমাধানে নতুন সংগঠনের উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, অতীতেও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্দোলন হয়েছে, এখনো হচ্ছে। নতুন সংগঠনটি এসব উদ্যোগকে আরও সুসংগঠিত করতে পারে।

প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের অবদান ও স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কমিউনিটি গঠনে যাঁরা প্রথম দিকে ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথভাবে স্মরণ ও সম্মান জানানো প্রয়োজন।

নিজের অভিজ্ঞতার আলোকে তিনি আরও বলেন, ১৯৭৭ সালে যুক্তরাজ্যে আসার পর প্রবাসীদের অন্যতম বড় সমস্যা ছিল ভাষাগত প্রতিবন্ধকতা। সে সময় সরকারি-বেসরকারি দপ্তরে যোগাযোগের সুবিধার্থে দোভাষীর ব্যবস্থা রাখা হতো। বর্তমানে যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের অনেক সন্তান বাংলাদেশে গিয়ে ভাষাগত ও দাপ্তরিক সমস্যায় পড়ে।

তাদের জন্য বাংলাদেশে ওয়ান-স্টপ সার্ভিস, পৃথক হেল্প ডেস্ক এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি। বিশেষ করে অভিভাবক ছাড়া সরকারি দপ্তরে যেতে অস্বস্তি বোধ করা তরুণদের জন্য সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন অধ্যাপক ফারুক।

সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ দ্বৈত নাগরিকদের সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে থাকা বিধানকে অযৌক্তিক, অন্যায্য ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেন। তিনি বলেন, সংবিধান প্রণয়নের সময় থেকেই এ বিধান রয়েছে। ফলে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক প্রতিনিধিত্বের পথে দীর্ঘদিনের একটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, একজন দ্বৈত নাগরিক বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারলেও সংসদ সদস্য হতে পারবেন না— এটি কতটা যৌক্তিক? তাঁর মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব বাধা না হলে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে এমন বিধিনিষেধের যৌক্তিক ব্যাখ্যা থাকা প্রয়োজন।

দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়াও অনেক প্রবাসীর জন্য জটিল বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, শুধু ইমেইল বা চিঠি পাঠিয়ে নাগরিকত্ব ত্যাগ সম্পন্ন হয় না। নির্দিষ্ট আবেদন, ফি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পুরো প্রক্রিয়ায় ছয় থেকে আট মাস পর্যন্ত সময় লাগতে পারে।

আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে ব্যারিস্টার নাজির আহমদ বলেন, ফ্রান্সের পার্লামেন্টে বিদেশে বসবাসরত ফরাসি নাগরিকদের ভোটে নির্বাচিত ১২ জন সংসদ সদস্য রয়েছেন। যুক্তরাজ্য থেকেও প্রবাসীদের ভোটে নির্বাচিত তিনজন প্রতিনিধি ফরাসি পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেন বলে তিনি উল্লেখ করেন।

তাঁর মতে, বৈধভাবে বিদেশে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রবাসীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা উচিত। তবে তিনি দ্বৈত নাগরিকত্বের বিষয়টি বিবেচনার ক্ষেত্রে বৈধভাবে বিদেশে প্রতিষ্ঠিত প্রবাসী এবং অর্থ পাচার বা অবৈধ সম্পদের মাধ্যমে বিদেশে নাগরিকত্ব অর্জনকারীদের আলাদাভাবে দেখার আহ্বান জানান।

পরিষদের সহ-সভাপতি ও গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমানও দ্বৈত নাগরিকত্বের কারণে প্রবাসীদের সাংবিধানিক ও নাগরিক অধিকার খর্ব করার বিরোধিতা করেন। তিনি বলেন, অধিকার রক্ষায় প্রয়োজনে উচ্চ আদালতে রিট আবেদন করতে হবে। দীর্ঘ ৩৪ বছরের সাংগঠনিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি এ বিষয়ে কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি ড. মুহাম্মদ আনসার মোস্তাকিম ১১ দফা দাবিসংবলিত ঘোষণাপত্র পাঠ করেন। এতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাঁদের শ্রম, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও কষ্টার্জিত রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ঘোষণাপত্রে উত্থাপিত ১১ দফা দাবি হলো—

১. প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও বিদেশ থেকে ভোট দেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।
২. দ্বৈত নাগরিকত্বধারী প্রবাসীদের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সৃষ্টি এবং এ জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা।
৩. জুলাই সনদে প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
৪. বিদেশে বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটগুলোর সেবার মান উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করা।
৫. দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধ করে নিরাপদ ও সম্মানজনক সেবা নিশ্চিত করা।
৬. বিদেশে আটক, বিপদগ্রস্ত ও আইনি জটিলতায় পড়া প্রবাসীদের দ্রুত আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়া।
৭. প্রবাসীদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণা ও সম্পত্তি দখলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা।
৮. বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেওয়া।
৯. প্রবাসীদের রেমিট্যান্স ও ব্যাংক আমানতের সুরক্ষা, বিনিয়োগে বিশেষ সুবিধা প্রদান এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা।
১০. ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শক্তিশালী করা এবং প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করা।
১১. বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনকারী প্রবাসীদের দেশে ফিরে কাজ করার এবং দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ নিশ্চিত করা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘোষণাপত্রটি চূড়ান্ত বা অপরিবর্তনীয় নয়। সময়ের প্রয়োজন, কমিউনিটির মতামত এবং প্রবাসীদের সামগ্রিক স্বার্থ বিবেচনায় এতে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে। এসব দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনে অধিকার আদায়ে আন্দোলন গড়ে তোলা হবে।

সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য দুটি পৃথক কাঠামো গড়ে তোলা হয়েছে। দৈনন্দিন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে রয়েছে কার্যনির্বাহী কমিটি। অন্যদিকে আইন, সংবিধান ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদ।

উপদেষ্টা পরিষদে রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী, বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি অধ্যাপক শাহগির বখত ফারুক, যুক্তরাজ্যের ট্রাইব্যুনাল বিচারক নজরুল খসরু, বিবিসিসিআই’র প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ, বিবিসিসিআই’র সাবেক সভাপতি বশির আহমদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সাইফুল আলম, ওলামা মাশায়েখ পরিষদ ইউকের সাবেক সভাপতি মাওলানা মওদুদ হাসান, লেখক ও গবেষক ড. এ ডি এম ইউনুস এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান।

কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- দারুল উম্মাহ মসজিদ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল মালিক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও গোলাম মোর্তজা সিআইপি, সোসাইটি অব ডেমোক্রেটিক রাইটসের সাবেক সভাপতি ব্যারিস্টার মো. ইকবাল হোসেন, আইনজীবী ও মানবাধিকারকর্মী সলিসিটর নাবিলা রফিক, টিভি উপস্থাপক মাওলানা মো. আবদুল কুদ্দুস, অ্যাসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কারীম, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সাঈদ হাসান, প্রবাসী অধিকার আদায় সংগ্রাম কমিটির সভাপতি সলিসিটর জহির আহমদ, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার ওয়াহিদ মুহাম্মদ মাহবুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, সিনিয়র সাংবাদিক আকবর হোসাইন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আশরাফ পারভেজ এফসিসিএ, লেখক ও সাংবাদিক আবদুল মুনিম ক্যারল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আরিফুর রহমান ভূঁইয়া, সংগঠক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার আলম শিপার এবং মানবাধিকারকর্মী আবদুল্লাহ আল মুনিম।

এ ছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন ব্যারিস্টার আবদুল হালিম সরকার ও সৈয়দ জুলকারনাইন জুম্মা। প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান, অফিস সম্পাদক সুমন মাহমুদ এবং অর্থ সম্পাদক জুবের আহমদ আহাদ।

অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের পরিচিতি ও প্রেস ব্রিফিং শেষে নৈশভোজের আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় গঠনতন্ত্র, তহবিল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং কয়েকটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল্লাহ আল মুনিম।

সভায় বক্তারা বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখেন না- তাঁদের মেধা, অভিজ্ঞতা, বিনিয়োগ ও আন্তর্জাতিক যোগাযোগও বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই প্রবাসীদের নাগরিক মর্যাদা, রাজনৈতিক অধিকার ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের প্রত্যাশা, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে সংগঠিত আন্দোলন ও কার্যকর উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি আদায় এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *