সাঈদ চৌধুরী:
যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়নে কমিটির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন— জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যা, মোঃ মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ। এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পীকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের আইন প্রণয়নের সাংবিধানিক কাঠামো, বিল উত্থাপন থেকে শুরু করে সংসদে অনুমোদন এবং আইন কার্যকর হওয়ার বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় পাবলিক বিল কমিটির কার্যক্রম, বিলের বিভিন্ন ধরন, আইন প্রণয়নের আগে প্রাক্-আইনগত পর্যালোচনা (Pre-legislative Scrutiny) এবং আইন কার্যকরের পর তার বাস্তবায়ন ও প্রভাব মূল্যায়ন (Post-legislative Scrutiny)। পাশাপাশি সংসদীয় বিতর্ক, কমিটির মাধ্যমে বিলের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের মতামত গ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেন উভয় দেশের প্রতিনিধিরা।

বৈঠকে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের প্যানেল অব চেয়ারসের সদস্য ভ্যালেরি ভাজ এমপি এবং হাউস অব লর্ডসের অবসর ও অংশগ্রহণ বিষয়ক কমিটির চেয়ার ব্যারোনেস টেইলর অব বোল্টন-সহ সংশ্লিষ্ট সংসদীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় কোনো বিল আইনে পরিণত হওয়ার আগে হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের বিভিন্ন পর্যায়ে আলোচনা, পর্যালোচনা ও অনুমোদনের মধ্য দিয়ে অগ্রসর হয়। উভয় কক্ষ বিলের চূড়ান্ত পাঠে একমত হওয়ার পর রাজকীয় সম্মতি (Royal Assent) লাভ করলে তা আইনে পরিণত হয়। এ ছাড়া আইন কার্যকরের পর সেটি প্রত্যাশিত ফল দিচ্ছে কি না, তা পর্যালোচনার ব্যবস্থাও রয়েছে।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) যুক্তরাজ্য শাখার আমন্ত্রণে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলটি ১৬-২০ নভেম্বর যুক্তরাজ্য সফর করছে। সফরের অন্যতম লক্ষ্য দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার করা এবং আইন প্রণয়ন, সংসদীয় কমিটি ব্যবস্থা ও সরকারের জবাবদিহি নিশ্চিতকরণে অভিজ্ঞতা বিনিময়।
বৈঠকে দুই দেশের সংসদীয় ঐতিহ্য ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, কার্যকর, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক করে তুলতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের মতবিনিময় বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক
এদিকে, যুক্তরাজ্যের পার্লামেন্ট পরিদর্শনকালে হাউস অব কমন্সের ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপির (Rt Hon. Caroline Nokes MP) সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। বৈঠকে যুক্তরাজ্যের সংসদে সভাপতিত্বকারী কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা, সংসদ পরিচালনার নিয়মাবলি এবং বিভিন্ন ধরনের বিতর্ক ও অধিবেশন পরিচালনার পদ্ধতি সম্পর্কে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়।

এ সময় চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে এবং ডেপুটি স্পিকার ক্যারোলিন নোকস এমপি ইউকে পার্লামেন্টের পক্ষ হতে পরস্পরকে স্মারক উপহার তুলে দেন। বৈঠকে দুই দেশের সংসদীয় কার্যক্রম, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক।

