জুলাই গণ-অভ্যুত্থানে মাদ্রাসাছাত্র হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ঢাকার আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। সেখানে প্রায় ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

অভিযোগে বলা হয়েছে, এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। পরে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জন হামলায় অংশ নিয়ে আন্দোলনকারীদের মারধর ও গুলিবর্ষণ করেন। এ সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাদিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি থানায় এজাহার হিসেবে নথিভুক্ত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরায় অভিযান চালানো হয়। উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

১৯ নভেম্বর বৃহস্পতিবার নুরুল ইসলাম নাহিদকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন উত্তরা পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। নাহিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *