শিক্ষার্থীদের মাদকাসক্তি ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদকাসক্তি এবং অনলাইন ও অফলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরোধমূলক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। তবে কমিটিগুলো কত দিনের মধ্যে গঠন করতে হবে, এর সদস্যসংখ্যা ও কাঠামো কী হবে এবং কমিটির সুনির্দিষ্ট দায়িত্ব ও কার্যপরিধি কী- এসব বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনার পদ্ধতি নিয়ে বিস্তারিত নীতিমালা শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা, প্রতিরোধমূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

