সাঈদ চৌধুরী :
লন্ডনের আইভি হিল হোটেলে বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-বিবিসিসিআই’র নতুন কার্যকরী কমিটির উদ্বোধন, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও নৈশভোজের আয়োজন ছিল প্রবাসীদের স্মরণীয় মিলনমেলা। নবীন ও প্রবীণ প্রজন্ম এবং বৈশ্বিক বাণিজ্য ভাবনার মিশেলে নান্দনিকতা দেখিয়েছেন নতুন নেতৃত্ব, প্রত্যয় জেগেছে নতুন সম্ভাবনার।
প্রাজ্ঞ অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও পেশাজীবী বন্ধুদের সঙ্গে সুন্দর সময়, প্রাণবন্ত আলোচনা ও মূল্যবান যোগাযোগ- সব মিলিয়ে অসাধারণ একটি সন্ধ্যা। ব্রিটেন-বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয়ে ছিল দারুণ এক আয়োজন।
কার্যনির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নতুনদিন সম্পাদক মুহিব চৌধুরী এবং নতুন কমিটির ডাইরেক্টর জেনারেল প্রবাসী প্রজন্মের সফল ব্যবসায়ী মুসলেহ উদ্দিন আহমদের বক্তব্যে ছিল দৃঢ় আত্মবিশ্বাস এবং নতুনত্বের ছোঁয়া!
অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ছিল, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার (British Bangladesh Trade Centre) প্রতিষ্ঠার ঘোষণা।
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও কার্যকর ও টেকসই পর্যায়ে নিয়ে যাওয়াই ট্রেড সেন্টারের অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নতুন ব্যবসা এবং বিনিয়োগকারীদের জন্য বাজার সম্পর্কে তথ্য, ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাব্য অংশীদার খুঁজে পাওয়ার ক্ষেত্রে ট্রেড সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিবিসিসিআই মনে করছে, নতুন এই উদ্যোগ যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
অভিষেক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম।

বিবিসিসিআই’র উপদেষ্টা ও সাবেক প্রেসিডেন্ট ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই, উপদেষ্টা ও সাবেক প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধুরী জেপি, সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ বিইএম, সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার, লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ডাইরেক্টর আতাহির খান, প্রধান নির্বাচন কমিশনার জাজ নজরুল খসরু, নির্বাচন কমিশনার ড. জাকির খান, নির্বাচন কমিশনার ও লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্লিনিক্যাল লেকচারার ড. মঞ্জুর শওকত, বিবিপিআইয়ের প্রতিষ্ঠাতা কাউন্সিলর আবদাল উল্লাহ, বিসিএ প্রেসিডেন্ট অলি খান এমবিই, চ্যানেল এস’র প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, কারি লাইফ সম্পাদক সৈয়দ নাহাস পাশা, হারোর সাবেক মেয়র সেলিম চৌধুরী-সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

