সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার জামিন আবেদন খারিজ করে আদালত থেকে কারাগারে পাঠােনা হয়েছে। রাজধানীর বারিধারায় ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিনি দুই বছরের দণ্ডপ্রাপ্ত বলে জানা গেছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ হলে কারাগারে প্রেরণ করা হয়। বিদিশার অনুপস্থিতিতে গত ২০ মে আদালত এই মামলার রায় ঘোষণা করেছিলেন।
রায়ে তাকে দুই বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে পুলিশ বিদিশাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায়।
মামলার বিবরণী মতে, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বায়নানামার ভিত্ততে বিদিশাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ৭৫ লাখ টাকা দেন ব্যবসায়ী মোশাররফ হোসেন। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু বহু বছর পরেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি। এক পর্যায়ে ৭২ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি বাউন্স হয়।

