আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী : সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী কার্যদিবসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এমপি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে বেপরোয়া সন্ত্রাস চালিয়েছে। তাদের কথা ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী।

সংসদে দেওয়া প্রাণবন্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বেপরোয়া সন্ত্রাস চালিয়েছে দেশে। এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে যে, এরা কোনো রাজনৈতিক দল নয়। এরা যেহেতু কোনো রাজনৈতিক দল নয়, তাদের কথা, তাদের কাজ- সবকিছু দিয়েই তারা প্রমাণ করেছে যে, তারা রাজনৈতিক দল নয়।

তাহলে তারা কী, মাননীয় স্পিকার? তাদের পরিচয় একটাই। এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণ করেছে যে, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রধানমন্ত্রী আরও বলেন, “এই সংসনে দাঁড়িয়ে, অর্থাৎ সমগ্র বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে।

তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আমাদের বক্তব্য সে কারণেই পরিষ্কার, আমাদের বক্তব্য সে কারণেই স্পষ্ট। দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় জনগণ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। বাংলাদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘটায়নি কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য।

১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছিলেন। একইভাবে, ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের সেই স্বাধীনতাকে রক্ষা করেছিলেন।

দেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে সংসদ নেতা বলেন, “এই বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী, যারা দেশে ও বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে, তারা আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে।

সুতরাং কথা একটাই- দেশে পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে এসে দাঁড়ানো।

গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে যেসব গণতান্ত্রিক দল রয়েছে, তাদের সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই- আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়াই।

প্রধানমন্ত্রী গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *