শুরু হচ্ছে গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩। আর আয়োজনের নতুন ফরম্যাটে আরও বড় পরিসর ও প্রতিযোগিতামূলক পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে এবার রয়েছে সেরা সব পুরস্কারের চমক। যেখানে পরিবারগুলো ধাপে ধাপে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা হওয়ার গৌরব অর্জন করবে এবং জয় করে নেবে সেরা সব পুরস্কার। তাই সারাদেশের পরিবারগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে শুরু হলো এবারের রেজিস্ট্রেশন।
সিজন ১ এর দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ টিভি ও ডিজিটাল বিনোদনে এক নতুন মাইলফলক স্থাপন করেছিল। যেখানে টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে সর্বমোট ১০০ কোটিরও বেশি (১ বিলিয়ন) ভিউ অর্জিত হয়। ‘বঙ্গ’র প্রযোজনায় আয়োজিত এই সিজনটি হাসি, বিনোদন ও প্রাণবন্ত প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশে দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে এবং পরিবারগুলোকে এক সুতোয় বেঁধে রাখে।

এই আয়োজনের সর্বজনীন গ্রহণযোগ্যতা বাড়াতে বাংলাদেশের সবকটি (৬৪টি) জেলায় জরিপ চালানো হয়েছিলো, যার মাধ্যমে সারাদেশের মানুষের মতামত ফ্যামিলি ফিউডের মঞ্চে উঠে আসে। এছাড়া অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়, যা মঞ্চের ভেতর ও বাইরে সবাইকে এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেয়।
প্রতিযোগিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে এই নতুন ফরম্যাট পরিবারগুলোর বুদ্ধি, আন্দাজ করার ক্ষমতা আর টিমওয়ার্ককে বড় পরীক্ষার মুখে ফেলবে। টপ থ্রি-তে জায়গা করে নিতে তাদের একের পর এক প্রতিযোগিতামূলক রাউন্ডে লড়তে হবে। সবচেয়ে বেশি স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠে যাবে, আর ফাইনালের বাকি জায়গাটির জন্য মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরিবার দুটি। এরপর ফাইনালের দুই সেরা পরিবারের মধ্যে হবে চূড়ান্ত লড়াই—যেখানে জয়ী পরিবার জিতে নেবে সেরা পুরস্কার আর ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব। প্রতিটি পর্বেই নতুন চ্যালেঞ্জ আর নিজেদের সেরাটা প্রমাণের সুযোগ থাকায় এবারের উত্তেজনা থাকছে তুঙ্গে।
প্রতিবারের মত এই সিজনটিও পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা ওয়াহিদুল ইসলাম শুভ্র। দর্শকদের উদ্দীপনা আরও বাড়াতে পরপর তৃতীয়বারের মতো উপস্থাপক হিসেবে ফিরছেন সবার প্রিয় তাহসান খান। এবারও তার সেই চেনা হাসি, খুনসুটি আর ভরপুর এনার্জিতে জমে উঠবে ফ্যামিলি ফিউডের মঞ্চ। এ মৌসুমেও ফ্যামিলি ফিউড-এর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত থাকছে আইগ্যাস ইউনাইটেড, যা দেশের অন্যতম জনপ্রিয় এই পারিবারিক বিনোদন আয়োজনের সাথে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করল। অফিসিয়াল ‘ব্রডকাস্ট পার্টনার’ হিসেবে যথারীতি থাকছে এনটিভি।
নিজের প্রত্যাবর্তন ও নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!’
নির্মাতা ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, ‘আমি দীর্ঘদিন টিভি অনুষ্ঠান, রিয়্যেলিটি শো-সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করেছি। আর এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য আরও বড় বাজেট ও বড় পরিসরে এই ফ্যামিলি গেইম শো নির্মাণ করছি। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু দর্শকদের উপহার দিতে। আশাকরি এবারও দর্শক বর্ণাঢ্য এই আয়োজন উপভোগ করবে।’
আয়োজক সূত্রে জানা যায়, পরিবারে যদি থাকে চটজলদি বুদ্ধি, উপস্থিত মেধা, মজার মজার উত্তর দেওয়ার দক্ষতা কিংবা দুর্দান্ত পারিবারিক বন্ধন—তবে আলো ঝলমলে এই মঞ্চে নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ এটিই। সারাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো পরিবার সিজন ৩-এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন (নিবন্ধন) লিংক: apply.bongobd.com/applyfamilyfeudbangladesh/

