রবীন্দ্রজয়ন্তীতে কামাল আহমেদের নতুন অ্যালবাম ‌’সুদূর নীহারিকা’

ফিচার বিনোদন
শেয়ার করুন

বিনোদন প্রতিবেদক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে ৮ই মে, শুক্রবার (২৫ শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ) প্রকাশিত হচ্ছে সঙ্গীতশিল্পী কামাল আহমেদ এর ৩৫তম অডিও অ্যালবাম ‘সুদূর নীহারিকা’। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিউজিক অফ বেঙ্গল’ এর ব্যানারে প্রকাশিতব্য এ অ্যালবামটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে। গানগুলো ‘মিউজিক অফ বেঙ্গল’ এর ইউটিউব চ্যানেল ও আন্তর্জাতিক সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ হচ্ছে। এছাড়াও কামাল আহমেদের ডিজিটাল আর্কাইভ হতেও গানগুলোর অডিও-ভিডিও দেখা যাবে।

এই বিষয়ে সঙ্গীতশিল্পী কামাল আহমেদ বলেন, আমি রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান করি। তাই কবিগুরুর স্মরণে আমার ৩৫তম একক অ্যালবাম প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। এই অ্যালবামের বিশেষত্ব হচ্ছে এটি ডিজিটালের পাশাপাশি অডিও সিডি আকারেও প্রকাশিত হচ্ছে। যাতে মানুষ সিডি যুগের মতো সেই আগের আবেগ-অনুভূতি নিয়ে গানগুলো শুনতে পারে।

‘সুদূর নীহারিকা’ অ্যালবামের গানগুলো হচ্ছে- তুমি কি কেবলই ছবি, যে রাতে মোর দুয়ারগুলি, বসে আছি হে, পথে চলে যেতে যেতে, আমার মুক্তি আলোয় আলোয়, সুখহীন নিশিদিন পরাধীন হয়ে, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই রবীন্দ্র ও আধুনিক গানের সমন্বয়ে একে একে তার ৩৫টি আ্যালবাম প্রকাশিত হয়েছে।

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *