জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীসহ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বৃহস্পতিবার (৭ মে ২০২৬) মতবিনিময় করেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
মতবিনিময় সভায় জাপানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং শিক্ষা ও প্রযুক্তিখাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দূতাবাসের সার্বিক কার্যক্রম, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান এবং তাদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জাপানে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থরক্ষা, সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দূতাবাসের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দূতাবাসের চলমান কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। পাশাপাশি জাপানে দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পরে বিরোধীদলীয় নেতা দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

