বিবিসি কলকাতা থেকে:
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলের অগ্নিকাণ্ডের এক দিন কেটে যাওয়ার পরে শনাক্ত করা হলো আরও দুই জন বাংলাদেশি পর্যটকের মরদেহ। তার মধ্যে একটি সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের এবং অপরটি একই জেলার এস এম আলিমুজ্জামানের বলে চিহ্নিত করা হয়েছে।
এছাড়াও গতকালই চিহ্নিত করা হয়েছে ঢাকা নিবাসী আহমেদ বাবুর দেহ। কলকাতার বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে খবর পেয়ে ছুটে এসেছিলেন আহমেদ বাবুর প্রতিবেশী এম ডি সোহেল। তিনি জানালেন মৃত আহমেদ বাবুর পরিবারে রয়েছেন তার এক ছেলে ও এক মেয়ে। ঢাকায় কসমেটিক সামগ্রীর ব্যবসা ছিল তার।
অন্যদিকে মৃত রেবতী সরকারের ছেলে মানিক সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনিও খবর পেয়ে কলকাতা ছুটে আসার জন্য ট্রেন ধরেছেন।
১৯শে অগাস্ট ভোর রাতে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো আতঙ্কের মধ্যে আছেন স্থানীয়রা। এছাড়াও কলকাতায় বিভিন্ন উদ্দেশ্যে আসা বাংলাদেশি পর্যটকদের মধ্যেও উৎকণ্ঠা রয়েছে।
প্রসঙ্গত, অগ্নিকাণ্ডে মৃত মোট নয় জনে র মধ্যে দুই জন ভারতের নাগরিক। আর পাঁচ জনের পরিচয় বুধবারই শনাক্ত করা হয়েছিল, যাদের মধ্যে চারজন একটি পরিবারের সদস্য।

