গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার জন্য রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ কার্যকরের দাবি জানিয়েছেন দলটির নেতারা।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জামায়াত রাজনৈতিক শক্তি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে।

ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1809876443611566

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যেসব মন্ত্রী-এমপির বাড়িঘরেই অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সরকার তাদের নিরাপত্তা দিতে পারছে না। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের খবর সরকার ও বিএনপি কারও জন্যই শুভ নয়। এরা সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দিতে পারে। তবে জামায়াত এখনই সরকারের পদত্যাগ দাবি করছে না, বরং ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশ পরিচালনার আহ্বান জানাচ্ছে।

গণভোটের গুরুত্ব তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে গণভোটের গণরায় বেশি গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তাই সংসদে সরকারি ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগে বিল উত্থাপন ও পাসের মাধ্যমে এ রায় বাস্তবায়ন করতে হবে।

একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে সহযোগিতা করবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। মন্ত্রী-এমপিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তিনি অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণে থাকা অবস্থায়ও দেশ ছেড়ে পালিয়েছেন, এখন শূন্য হাতে দেশে ফেরার স্বপ্ন দেখাও বাস্তবসম্মত নয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে। জাতীয় ঐক্য ফিরিয়ে আনতে গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা হলে কোনো অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সময় কোনো এমপি-মন্ত্রীকে লক্ষ্য করে হামলা কিংবা তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। অথচ বর্তমান সরকার নিজেদের এমপি-মন্ত্রীদেরই নিরাপত্তা দিতে পারছে না। তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকারের পাশে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। আর সেই ঐক্যের ভিত্তি হতে হবে ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন।

সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা হয়েছিল। বিএনপি মনে করেছিল, আওয়ামী লীগ তাদের শান্তিতে দেশ পরিচালনায় বাধা দেবে না। কিন্তু গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন বিএনপির জন্যও সংকট তৈরি করছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্যের পথ তৈরি হবে। জাতীয় ঐক্যের ভিত্তিতে পাড়া-মহল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।

ঢাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করেছিল বলে অভিযোগ রয়েছে। এর প্রভাবেই সরকার আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। তিনি সতর্ক করে বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে সামনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আওয়ামী লীগ বিদেশে অবস্থান করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। অথচ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হচ্ছে। তাঁর অভিযোগ, নিরীহ নেতাকর্মী ও সমর্থকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে ব্যর্থ করাই আওয়ামী লীগের লক্ষ্য।

তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। গণভোটের রায় মেনে সনদ বাস্তবায়ন করা হলে জাতীয় ঐক্য অটুট থাকবে এবং জনগণ ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে রাজপথে নামবে।

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারের অতিরিক্ত ঘনিষ্ঠতার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের নীতি থেকে সরে না এলে সরকারের পক্ষে সফল হওয়া কঠিন হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *