আরও বেশি পরিবারের জন্য সম্প্রসারিত স্কুল ইউনিফর্ম অনুদান কর্মসূচি

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের স্কুল ক্লোদিং গ্রান্ট কর্মসূচি সম্প্রসারণ করেছে, যাতে আরও বেশি পরিবার স্কুল ইউনিফর্ম ও পোশাক কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পেতে পারে।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রথমবারের মতো ইয়ার ৩ এবং ইয়ার ১০-এ উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদেরও এই অনুদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর আগে শুধুমাত্র রিসেপশন এবং ইয়ার ৭-এ ভর্তি হওয়া শিশুদের জন্য এই সহায়তা উপলব্ধ ছিল।

এছাড়া যোগ্যতার জন্য নির্ধারিত বার্ষিক পারিবারিক আয়ের সীমা ৫০,৩৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৬০,০০০ পাউন্ড করা হয়েছে। ফলে আরও বেশি পরিবার এই আর্থিক সহায়তার সুবিধা নিতে পারবেন।

যোগ্য পরিবারগুলো রিসেপশন ও ইয়ার ৩-এর শিক্ষার্থীদের জন্য প্রতি শিশুর বিপরীতে ৫০ পাউন্ড এবং ইয়ার ৭ ও ইয়ার ১০-এর শিক্ষার্থীদের জন্য ১৫০ পাউন্ড অনুদান পেতে পারবেন, যা নতুন স্কুল ইউনিফর্ম ও প্রয়োজনীয় পোশাক কেনার জন্য ব্যবহার করা যাবে।

অনুদানের জন্য আবেদন করতে আবেদনকারীকে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা অথবা কাউন্সিলের মাধ্যমে অন্য বরোতে পুনর্বাসিত হতে হবে, এবং পরিবারের মোট আয় ৬০ হাজার পাউন্ডের কম হতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট শিশুর অভিভাবক বা আইনগত অভিভাবক হতে হবে এবং শিশুকে সেপ্টেম্বর ২০২৬ থেকে রিসেপশন, ইয়ার ৩, ইয়ার ৭ অথবা ইয়ার ১০-এ ভর্তি হতে হবে।

কাউন্সিল পরিবারগুলোকে যত দ্রুত সম্ভব আবেদন করার আহ্বান জানিয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ মে থেকে এবং ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার সময় ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর, পরিবারের আয়ের তথ্য, সন্তানের স্কুলের নাম এবং সর্বশেষ ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে।

স্কুলে ফেরার খরচ কমাতে এবং পরিবারগুলোর আর্থিক চাপ হ্রাস করতে কাউন্সিলের এই সম্প্রসারিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আরও তথ্য ও আবেদন করতে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/lgnl/advice_and_benefits/benefits/School-clothing-grants.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *