বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের মনিহারস্থ নীলগঞ্জ প্রফেসর পাড়ার বাসভবন পরিদর্শন করেছেন।
৩১ জুলাই (জুমআ বার) শহরের ৮৮/৪ নীলগঞ্জ, নড়াইল রোডের বাসভবনে গিয়ে তারা সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। এছাড়া যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জুলাই আন্দোলনের অন্যতম নেতা শোয়াইব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাসভবনের বিভিন্ন অংশ পরিদর্শনের পর মিয়া গোলাম পরওয়ার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো ঘটনার সত্যতা যাচাই না করে গুজব, অপপ্রচার কিংবা আবেগের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। প্রকৃত ঘটনা জানার উদ্দেশ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসেছেন এবং সংশ্লিষ্টদের বক্তব্য শুনেছেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় আইনের শাসন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ পরিবেশের পক্ষে অবস্থান নেয়। কোনো ব্যক্তি বা পরিবারকে ঘিরে অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি তাদের আহ্বান হলো, সবাই ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তিনি বলেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই। তাই ধৈর্য ধারণ করে আইনগত প্রক্রিয়ার ওপর আস্থা রাখা প্রয়োজন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দল ও নাগরিকের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন কোনোভাবেই সহিংসতা, প্রতিহিংসা বা ব্যক্তি আক্রমণের কারণ না হয়।
এ সময় অধ্যাপক গোলাম রসুল কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে নেতারা বাসভবনের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত স্থানীয় ব্যক্তিদের কাছ থেকেও বিভিন্ন তথ্য শোনেন।
পরিদর্শন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

