সাঈদ চৌধুরী
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশি ব্রিটিশ সিভিল সোসাইটির (বিবিসিএস) এক্সিকিউটিভ কমিটির অভিষেক অনুষ্ঠান।

বহুদিন থেকে জাতি, ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মিশেলে বিভিন্ন পটভূমির মানুষ একসাথে চলা এবং সকলে মিলিমিশে একটি সুসংহত ও শক্তিশালী সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করছে বাংলাদেশি ব্রিটিশ সিভিল সোসাইটি।
যুক্তরাজ্যে নিবন্ধিত এই দাতব্য সংস্থা ইতোমধ্যে সুধীজনের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। সামাজিক সম্পর্ক এবং সম্প্রীতির পাশাপাশি সমাজ কল্যাণ, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং ঐতিহ্যগত সংস্কৃতির প্রচার ও প্রসারে সংস্থাটি সর্বদা সরব।

বিবিসিএস চেয়ারম্যান এম ইসলাম মাহি এমবিএ’র পরিচালনায় মানচেষ্টার রয়্যাল নওয়াব পিরামিডে ২৮ জুন রবিবার অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ডেপুটি লিডার লুসি পাওয়েল এমপি, আফজাল খান সিবিই এমপি, ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বেভ ক্রেইগ, লর্ড মেয়র কাউন্সিলর শওকত আলী, লর্ড ওয়াজেদ খান, জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী নোমান আজমী প্রমূখ।

বিবিসিএস নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক মেয়র কাউন্সিলার মো হোসাইন, বিবিসিএস চেয়ারম্যান এম ইসলাম মাহি, জেনারেল সেক্রেটারি মোহাসিন আহমদ, ট্রেজারার নিপা বেগম চৌধুরী প্রমুখ।

স্বাগত বক্তব্যে চেয়ারম্যান এম ইসলাম মাহি সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, আমরা এখানকার বহুজাতিক সমাজে কমিউনিটি কোহেশনের জন্য কাজ করি। এতে বিলেতের মূলধারার মানুষের সাথে আমাদের সম্পর্ক বেড়েছে, সামাজিক সম্প্রীতির বিকাশ ঘটেছে।

তিনি আরো বলেন, নানা কারণে এদেশে বহু মানুষ মেন্টাল হেলথ সমস্যায় ভুগছেন। অতিরিক্ত মানসিক চাপ, একাকীত্ব, জীবনযাত্রার পরিবর্তন এবং বংশগত ও শারীরিক সমস্যায় আমাদের কমিউনিটিতে এই রোগের হার দিন দিন বাড়ছে। এই সমস্যা লাঘবে আমরা বিশেষ কর্মসূচি গ্রহন করেছি। এছাড়া কোভিডের সময় ব্রিটেনের সালফুর্ট হাসপাতেলে প্রায় দুই বছর প্রতিদিন খাদ্য সরবরাহ করে আমরা সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছি।

নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে লেবার পার্টির ডেপুটি লিডার লুসি পাওয়েল বাংলাদেশি ব্রিটিশ সিভিল সোসাইটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ব্রিটিশ রাজনীতির বর্তমান সংকটময় পরিস্থিতিও আলোকপাত করেন।

গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বেভ ক্রেইগ বাংলাদেশী কমিউনিটির আতিথেয়তা ও আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেন।
শুভেচ্ছা বক্তব্যে ম্যানচেস্টার বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন বাংলাদেশি ব্রিটিশ সিভিল সোসাইটির বহুমুখি কর্মকান্ডের সাফল্য কামনা করেন।
লর্ড মেয়র কাউন্সিলর শওকত আলী বিবিসিএস কর্তৃক সেবামূলক কর্মকান্ডে সার্বিক সহায়তার জন্য সকলের অংশ গ্রহনকে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে এমপি, লর্ড মেয়র, বিভিন্ন কাউন্সিলের মেয়র, কাউন্সিলর, কূটনীতিক, কমিউনিটি ও ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্পী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক


