ইরানের ওপর মার্কিন অবরোধের কঠোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলমান প্রেক্ষাপটকে ‘জঙ্গলের আইনে’র সঙ্গে তুলনা করেছেন তিনি। প্রেসিডেন্ট শি জিনপিং এই অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলেও নিন্দা জানিয়েছেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে সাক্ষাৎ শেষে জিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ব এখন আন্তর্জাতিক আইনের পরিবর্তে শক্তির দাপট বা ‘জঙ্গলের আইন’ এর দিকে ফিরে যাচ্ছে। তিনি আন্তর্জাতিক আইনভিত্তিক শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান।
৪৮ ঘণ্টার মধ্যে আবারও ইরানের সঙ্গে আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
হরমুজ প্রণালি ঘিরে ওয়াশিংটন ও তেহরান উত্তেজনা বেড়েই চলেছে। অবরোধ অব্যাহত রেখেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “আগামী দুই দিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে। আমরা আবারও পাকিস্তানে আলোচনায় বসতে আগ্রহী।”
যদিও বৈঠকের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি ইরান। পাকিস্তানি কর্তৃপক্ষের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এখনো কোনো তারিখ নির্ধারণ না হলেও ওয়াশিংটন ও তেহরানের নেতারা এই সপ্তাহের শেষের দিকে আবারও আলোচনা শুরু করতে পারেন।
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
অবরোধের মধ্যেই অন্তত চারটি জাহাজ অতিক্রম করেছে হরমুজ প্রণালি
এদিকে পাল্টাপাল্টি দাবি ও সন্দেহের মধ্য দিয়ে পেরিয়েছে ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের প্রথম দিন। মার্কিন বাহিনী দাবি করেছে, তাদের কড়াকড়ির কারণে ওই পথ দিয়ে কোনো জাহাজ বের হতে পারেনি। যদিও বিবিসির অনুসন্ধানী তথ্যে দেখা গেছে ভিন্ন চিত্র। স্যাটেলাইট ডাটা অনুযায়ী, অবরোধের মধ্যেই অন্তত চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
এই পরিস্থিতিকে মার্কিন অবরোধের কার্যকারিতার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, ইরানের তেল রপ্তানিতে দেওয়া ছাড় আর বাড়াবেনা তারা। সুত্র: বিবিসি, নিউ ইয়র্ক পোস্ট, রয়টার্স ও আলজাজিরা

