ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। আজ হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে ফেলার কাজ শুরু হয়। সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপন করা হবে।
২০২৫ সালের ডিসেম্বরে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখেন।
শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান। তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে।’
নোমান গণমাধ্যমকে বলেন, হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলকটি সরিয়ে ফেলা হচ্ছে।

