লন্ডনে এমসিএ’র সম্মেলনে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সদৃঢ় ঐক্যের আহ্বান

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

|| সাঈদ চৌধুরী ||

সচেতনতা থেকে কার্যকর পদক্ষেপ, সংহতি থেকে দীর্ঘস্থায়ী পরিবর্তনের প্রত্যয়: “ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন, মানবতার পক্ষে দাঁড়ান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করুন”

ইসলামোফোবিয়া তথা মুসলিম বিদ্বেষ, বর্ণবাদ, বৈষম্য ও ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের (এমসিএ) বিশেষ সম্মেলন।

‘United Against Hate: Turning Allyship into Action Against Islamophobia’ শীর্ষক এই সম্মেলনে শিক্ষাবিদ, গবেষক, ট্রেড ইউনিয়ন নেতা, কমিউনিটি প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ইসলামোফোবিয়া অ্যাওয়ারনেস মান্থ ২০২৬ উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে ব্রিটেনে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্যমান বিদ্বেষ, বৈষম্য, ঘৃণাজনিত অপরাধ এবং প্রাতিষ্ঠানিক ইসলামোফোবিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বৃটেনের প্রভাবশালী সংগঠন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের (এমসিএ) প্রেসিডেন্ট, খ্যাতিমান আইনজীবী ও মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ। তিনি মানুষের মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ইসলামোফোবিয়া মোকাবিলা শুধু মুসলিম সম্প্রদায়ের দায়িত্ব নয়, এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত একটি বৃহত্তর সামাজিক দায়িত্ব।

সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন কিংস কলেজ লন্ডনের প্রভাষক ও Thinking Through Islamophobia: Global Perspectives গ্রন্থের সহলেখক আবদুলকরিম ভাকিল। তাঁর আলোচনার বিষয় ছিল পরিসংখ্যানের বাইরে গিয়ে ইসলামোফোবিয়াকে চিহ্নিত করা এবং এই সমস্যার সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা অনুধাবন করা। তিনি দৃঢ়তার সাথে বলেন, ইসলামোফোবিয়া মোকাবিলায় প্রথমেই আক্রান্ত মানুষের অভিজ্ঞতাকে স্বীকৃতি দিতে হবে এবং বৈষম্য টিকিয়ে রাখার কাঠামোগত কারণগুলো বুঝতে হবে। তবেই কেবল সমাধানের পথ সুগম হবে।

ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ক সিনিয়র লেকচারার এবং ইনস্টিটিউটের গবেষক শিক্ষার্থীদের প্রধান ড. আমিনা ইসাত-দাস মুসলিম নারীদের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক ইসলামোফোবিয়ার প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি গণসচেতনতার মাধ্যম সব কিছুকে সাধারণ অবস্থায় ফিরিয়ে আনা, নিয়মের মধ্যে আনা বা একটি নির্দিষ্ট মানদণ্ডে রূপান্তর করার প্রক্রিয়ার বিষয়ে গ্ররুত্বরোপ করেন।

জেনারেল ফেডারেশন অব ট্রেড ইউনিয়নসের (GFTU) সাধারণ সম্পাদক গাওয়াইন লিটল ইসলামোফোবিয়া ও উগ্র ডানপন্থার বিরুদ্ধে ট্রেড ইউনিয়নগুলোর সংহতি এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

স্টিফেন লরেন্স রিসার্চ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ড. ফাতিমা রাজিনা ৯/১১ পরবর্তী ব্রিটেনে মুসলিম পরিচয়, পোশাক ও প্রতিনিধিত্বের বিষয়ের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।

ইউনাইটেড ইস্ট এন্ডের চেয়ার ড. গ্লিন রবিনস তৃণমূল পর্যায়ে ইসলামোফোবিয়া ও উগ্র ডানপন্থার বিরুদ্ধে কমিউনিটির প্রতিরোধ এবং ঐক্যবদ্ধ সামাজিক উদ্যোগের ওপর আলোকপাত করেন।

সম্মেলনটি সঞ্চালনা করেন এমসিএ’র নির্বাহী পরিচালক দিলোয়ার হোসেন খান। তিনি বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সদৃঢ় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, কেবল সহানুভূতি বা মৌখিক সংহতির মধ্যে সীমাবদ্ধ না থেকে সেটিকে বাস্তব ও কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সরকারি প্রতিষ্ঠান গুলোকে বৈষম্যের বিরুদ্ধে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়, শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের মধ্যে সংলাপ ও সহযোগিতা জোরদার করার বাস্তবসম্মত উপায় নিয়ে মতবিনিময় করেন।

সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এমসিএ’র কেন্দ্রীয় জাস্টিস ও কালচারাল সেক্রটারি ড. মনোয়ার হোসেন। তিনি সচেতনতা তৈরির পাশাপাশি দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ, অর্থবহ অংশীদারত্ব এবং নীতিনির্ধারণী পর্যায়ে গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে বক্তাদের আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে- ঘৃণামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে কোনো একটি সম্প্রদায়ের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও সামাজিক পরিচয় নির্বিশেষে সবাইকে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে হবে।

এমসিএর নভেম্বর মাসের ‘ADL (العدل-Justice Campaign)’-এর অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলনের মূল প্রত্যয় ছিল ‘সচেতনতাকে কার্যকর পদক্ষেপে, সংহতিকে সামাজিক পরিবর্তনে এবং ন্যায়বিচারকে সবার সম্মিলিত দায়িত্বে রূপান্তর করা’।
আয়োজকরা সম্মেলন সফল করতে অংশগ্রহণকারী বক্তা, অতিথি, সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক ও উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *