১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বেলা ১১টা ৪৯ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্রের প্রস্তাবক হলেন বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত শফিকুর রহমান এমিপ এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ এর ‘নির্বাচনি কর্তা’ এএমএম নাসির উদ্দিন।
জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।

