নিজস্ব প্রতিবেদক: নবীনদের বরণ, প্রবীণদের স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিএনসিসি নেভাল উইংয়ের নবীনবরণ অনুষ্ঠান। সাবেক ও বর্তমান ক্যাডেটদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক আন্তরিক পুনর্মিলনীতে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক ফাহিম ফয়সাল। তাঁর গান ও গানের গল্পে মেতে ওঠেন উপস্থিত ক্যাডেট ও অতিথিরা।
গত ২৭ নভেম্বর, শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) কন্টিনজেন্টের শহীদ সার্জেন্ট রুমী ভবন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেভাল উইংয়ের বর্তমান সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) মো. সোহেল ও রিজিয়া পারভীন রিয়ার পরিচালনায় এতে নবীন ক্যাডেটদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি নেভাল উইংয়ের প্রথম সিইউও ও ডুয়েনকা (ঢাকা ইউনিভার্সিটি এক্স-নেভাল ক্যাডেটস অ্যাসোসিয়েশন)-এর প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম শাহিন, সাবেক সিইউও ও ডুয়েনকার সাবেক সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন (পুলিশ কর্মকর্তা), পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) ড. হাফিজ উদ্দীন ভূঁঞা, পিইউও মেহেদী হাসান, মমিন মিঞা (নির্বাচন কমিশন কর্মকর্তা), সাবেক সিইউও মশিউর রহমান (দুদক কর্মকর্তা), মাহবুবুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা), সালেহ সিদ্দিক (অনিক), সেলিম সরকার ও শান্তসহ অনেকে।
নবীন ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে নজরুল ইসলাম শাহিন বিএনসিসির প্রশিক্ষণের পাশাপাশি ব্যক্তিজীবনে শৃঙ্খলা বজায় রাখা ও পড়াশোনায় ভালো করার আহ্বান জানান। তিনি বলেন, এসব গুণ অর্জনের মাধ্যমে জীবনে সফল হওয়ার পাশাপাশি দেশ, জাতি ও পরিবারের জন্য অবদান রাখা সম্ভব।
সাবেক সিইউও রাকিব উদ্দিন নবীনদের শৃঙ্খলা বজায় রেখে নিজেদের সুনাম অর্জন এবং নবীন-প্রবীণ সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন। এ ছাড়া বক্তব্য দেন পিইউও ড. হাফিজ উদ্দীন ভূঁঞা, পিইউও মেহেদী হাসান, সাবেক সিইউও মশিউর রহমান, সাবেক সিইউও মাহবুবুর রহমান, সংগীতশিল্পী ফাহিম ফয়সাল ও সালেহ সিদ্দিক প্রমুখ। বক্তারা প্রশিক্ষণ, নেতৃত্ব, শৃঙ্খলা ও শিক্ষাজীবনে ভালো ফলাফলের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা ও স্মৃতিচারণ শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান ক্যাডেট কর্পোরাল আবু সাঈদের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পর্বটির সূচনা হয়। এরপর নৃত্য পরিবেশন করেন ক্যাডেট কর্পোরাল সাবিকুন নাহার তিশা, মার্জিয়া হৃদি, অহনা, এস. এম. নাজমুস সাকিব এবং ক্যাডেট সুহাইল মাহদীন।
সাংস্কৃতিক পর্বের বিশেষ আকর্ষণ ছিলেন ফাহিম ফয়সাল। বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি পরিচিত ও অনুরোধের একাধিক গান পরিবেশন করেন। পাশাপাশি গানের গল্প ও স্মৃতিচারণে তৈরি করেন প্রাণবন্ত পরিবেশ। তাঁর সাবলীল উপস্থাপনা ও হৃদয়গ্রাহী সংগীত পরিবেশনায় নবীন-প্রবীণ ক্যাডেট ও অতিথিরা মেতে ওঠেন আনন্দে। তাঁর পরিবেশনা অনুষ্ঠানটিতে যোগ করে ভিন্নমাত্রা।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বর্তমান ক্যাডেটদের কয়েকজন এবং সংগঠন হিসেবে ডুয়েনকা-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রাণবন্ত আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত হয়।

নবীনদের বরণ করার আনুষ্ঠানিকতা ছাপিয়ে আয়োজনটি পরিণত হয় নেভাল উইংয়ের বিভিন্ন প্রজন্মের ক্যাডেটদের মিলনমেলায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডুয়েনকার নেতৃবৃন্দ বর্তমান ক্যাডেটদের সঙ্গে ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে নেভাল উইংয়ের অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
শৃঙ্খলা, নেতৃত্ব, অভিজ্ঞতা বিনিময় ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসি নেভাল উইংয়ের নবীনবরণ অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় এক আয়োজন। বিশেষ করে ফাহিম ফয়সালের সংগীত পরিবেশনা এবং সাবেক-বর্তমান ক্যাডেটদের আন্তরিক মিলনমেলা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত।

