‘দ্য অস্ট্রেলিয়ান’র মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার ও দুঃখ প্রকাশের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

আন্তর্জাতিক বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। প্রতিবেদনটিকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপি অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারা অনুযায়ী প্রকাশক প্রতিষ্ঠান Nationwide News Pty Ltd-এর কাছে একটি আনুষ্ঠানিক Concerns Notice পাঠিয়েছেন। এতে প্রতিবেদনের সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সেগুলোর সংশোধন, প্রতিবেদন প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ-অনুমোদিত একটি সরকারি সফরের সময় প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এটি নিছক কাকতালীয় নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার একটি পরিকল্পিত প্রচেষ্টা।

তিনি বলেন, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. শফিকুর রহমানের কাছে মন্তব্য চাওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। অথচ এ দাবি সম্পূর্ণ অসত্য। প্রতিবেদন প্রকাশের আগে তাঁর কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গীদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি। বক্তব্য নেওয়ার কোনো চেষ্টা না করে ‘জবাব দেননি’ বলে উল্লেখ করা সাংবাদিকতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপনেরও প্রতিবাদ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থান বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের। এ অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে চিত্রিত করা উদ্দেশ্য প্রণোদিত বিকৃতি। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো ধরনের হামলার বিরোধী।

কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্ট প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ওই পোস্টটি ডা. শফিকুর রহমান নিজে লেখেননি। তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টটি প্রকাশ করা হয়েছিল। এ-সংক্রান্ত প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অথচ এসব তথ্য উপেক্ষা করে প্রতিবেদনে তাঁকে নারীবিদ্বেষী হিসেবে চিত্রিত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, পতিত সরকারের আমলে পরিচালিত এসব বিচারের ন্যায্যতা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা গুরুতর প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়েও এ-সংক্রান্ত প্রশ্ন উঠে এসেছে। সেই বিচার প্রক্রিয়ার রায়কে প্রশ্নাতীত ইতিহাস হিসেবে উপস্থাপন করে ডা. শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে দায়ী করার চেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবেদনের সূত্র হিসেবে ব্যবহৃত একজন অভিবাসন প্রতিনিধির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পুরো প্রতিবেদনটি মূলত ওই প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের ওপর ভিত্তি করে তৈরি। জানা গেছে, ওই ব্যক্তি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রশংসামূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা ও পরিচালক। কিন্তু পাঠকদের কাছে তাঁর রাজনৈতিক পরিচয় তুলে ধরা হয়নি। যারা ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাঁদের ‘উগ্রবাদী’ হিসেবে চিত্রিত করে চরিত্রহননের চেষ্টা পতিত স্বৈরাচারের পুরোনো বয়ানেরই প্রতিফলন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা মিথ্যা তথ্য প্রচারের লাইসেন্স হতে পারে না।

তিনি ‘দ্য অস্ট্রেলিয়ান’ কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ, যথাযথ সংশোধনী প্রদান এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *