ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে সন্ত্রাসীদের অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এক বিবৃতিতে তিনি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশজুড়ে নাগরিকদের জানমালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ভোররাতে একদল সন্ত্রাসী ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি এবং জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ধরনের বর্বর ও কাপুরুষোচিত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কোনো গোষ্ঠী অতীতে জনগণের সমর্থন আদায় করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। নাগরিকদের জীবন ও সম্পদের ওপর হামলা চালিয়ে পতিত স্বৈরাচারের পুনরুত্থানের অপচেষ্টা কখনো সফল হবে না। দেশের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। জনগণও এ ধরনের অপশক্তিকে কখনো মেনে নেবে না।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের ব্যর্থতার সুযোগে দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বেপরোয়া হয়ে উঠেছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এ দায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।
বিবৃতিতে তিনি অবিলম্বে আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

