বিচারকের সংখ্যা বাড়ানো, ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নির্যাতনের দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি অবসানের দাবিতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি উত্থাপন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী আজ ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি গণপরিবহনেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্যাতনের শিকার হওয়ার পরও নিরাপত্তাহীনতা, সামাজিক চাপ ও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেক নারী আইনের আশ্রয় নিতে সাহস পান না। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্রকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি। ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যা সাবিকুন্নাহার মুন্নি এমপি, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা আকলিমা ফেরদৌসী আখি, নুরুন্নাহার পলি এবং ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যা তাহমিনা আক্তার সুরমা।
সভাপতির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দীকা এমপি বলেন, নারীরা সমাজের কোথাও নিরাপদ নন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিচারকের সংখ্যা কম হওয়ায় বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। নারী নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পর্যাপ্ত বিচারক নিয়োগ দিতে হবে।
সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে নির্যাতনের শিকার অনেক নারী আইনের আশ্রয় নিতে চান না। বিচারপ্রার্থীদের আস্থা ফিরিয়ে আনতে তাদের সরকারি আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সাবিকুন্নাহার মুন্নি এমপি বলেন, নিরাপত্তা পাওয়া নারীর মৌলিক অধিকার। অথচ সমাজে অনেক সময় এই অধিকারকে নারীর প্রতি অনুগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।
গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান আকলিমা ফেরদৌসী আখি। অন্যদিকে তাহমিনা আক্তার সুরমা বলেন, রাজপথ থেকে সংসদ— কোথাও নারীরা নিরাপদ নন। রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে পারছে না। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার নিন্দা জানান তিনি।

মানববন্ধন থেকে উত্থাপিত সাত দফা দাবি হলো—
১. নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। অভিযোগ গ্রহণে অবহেলা, ভুক্তভোগীকে হয়রানি এবং আপসের নামে চাপ প্রয়োগ বন্ধ করতে হবে।
২. নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মামলার তদন্ত ও বিচার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর করতে হবে। রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক প্রভাব বিবেচনা না করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য সহজলভ্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
৫. অনলাইনে নারীর বিরুদ্ধে অপমান, হুমকি, অশ্লীল হয়রানি, ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল এবং সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভুক্তভোগীকে দোষারোপ না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে হবে।
৭. নির্যাতনের শিকার কিংবা নির্যাতনের ঝুঁকিতে থাকা নারীদের সহায়তায় স্থানীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, যাতে কোনো নারী সাহায্য চাইতে গিয়ে একা, অসহায় কিংবা অবিশ্বাসের মুখে না পড়েন।
বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি তার মৌলিক অধিকার। তাই প্রতিশ্রুতি নয়, নারী ও শিশুর নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

