‘চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশ গড়তে হবে’
ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1575803854355565
তরুণ প্রজন্মের হাত ধরে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, দেশের চার কোটি যুবককে নিয়ে তাঁর স্বপ্ন। তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে, আর অভিজ্ঞরা তাদের পাশে থেকে সহযোগিতা করবেন। চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি মেধা, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘Beyond Campus: Leading Tomorrow’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, জুলাই আন্দোলন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ, তরুণদের নেতৃত্ব, উদ্যোক্তা তৈরি, মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা এবং নাগরিক অধিকারসহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
গণভোট অস্বীকার করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান বলেন, গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। রাষ্ট্র পরিচালনার জন্য অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন। দুটি বিষয় মেনেই সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গণভোটকে অস্বীকার করেছে। সেখান থেকেই সংকটের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, একদিকে সংকট তৈরি করা হচ্ছে, অন্যদিকে ফ্যাসিবাদীদের লালন-পালন করা হচ্ছে। এর ফলে ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার ষড়যন্ত্র করছে। তবে চব্বিশের আন্দোলনে রক্ত দেওয়া যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার মাটিতে আসতে কিংবা প্রতিষ্ঠিত হতে দেবে না বলে তিনি বিশ্বাস করেন।

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ: জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াত আমীর বলেন, আজকের বাংলাদেশ এবং আজকের এই আয়োজন জুলাইয়ের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে আছে। ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন এ জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। জাতিকে অধীনস্থ ও গোলাম জাতিতে পরিণত করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। জুলাইয়ের জনতা সেই শৃঙ্খল ভেঙে দিয়েছে।
তিনি বলেন, কোটার ঘোরপ্যাঁচে মেধাকে অবমূল্যায়ন করে দলীয়তন্ত্র প্রতিষ্ঠার সব আয়োজন করা হয়েছিল। দেশবাসী ও ছাত্রসমাজের ওপর চালানো হয়েছিল তাণ্ডব। এসব অন্যায়ের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল জুলাইয়ে।
জুলাই আন্দোলনে জামায়াতের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, অনেক দল আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পর্ক অস্বীকার করলেও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে দল ও জাতিকে ছাত্রসমাজের পাশে দাঁড়ানোর, সর্বাত্মক সহযোগিতা করার এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। এ ক্ষেত্রে জামায়াত কোনো ধরনের হীনমন্যতা দেখায়নি।
৫ আগস্টের পর অনেকেই অবস্থান পরিবর্তন করেছেন: ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ বিশ্ববিদ্যালয়গুলোতে অসুস্থ পরিবেশ, খুনের রাজধানী, ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশের জঞ্জাল রেখে গিয়েছিল। এসব যন্ত্রণা থেকে ৫ আগস্ট আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন।
তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো, ৫ আগস্ট পর্যন্ত বর্তমানে সরকারে থাকা ব্যক্তিদের সঙ্গে আমাদের বক্তব্য ও ওয়াদা এক ছিল। কিন্তু ৫ আগস্টের পর অনেকে বদলে গেছেন।
জামায়াত আমীর অভিযোগ করেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি এবং দখলবাজি আগের চেয়ে বেশি গতিতে চলছে। সংশ্লিষ্টরা এসব কর্মকাণ্ড থেকে সরে আসতে পারছেন না।
তিনি আরও বলেন, যে ফ্যাসিবাদ মানুষের ওপর তাণ্ডব চালিয়েছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে শহীদ করেছে এবং ২৪ হাজার মানুষকে পঙ্গু করেছে, সেই ফ্যাসিবাদীদের কাউকে কাউকে অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। এটি শহীদ ও পঙ্গুদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা। সাধারণ যুবসমাজও এমন বাংলাদেশ চায়নি।
ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনার কৃতিত্ব শিক্ষার্থীদের: শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াত আমীর বলেন, বাংলাদেশে যখন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং এবং আইনশৃঙ্খলার চরম অবনতি ছিল, তখন নির্বাচিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে। তারা শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে এবং সামনে এগিয়ে যাওয়ার নতুন দরজা খুলে দিয়েছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় গণরুম ও গেস্টরুমের নরক ছিল। শিক্ষার্থীরা সেই গণরুম-গেস্টরুম সংস্কৃতিকে গুঁড়িয়ে দিয়েছে। যারা বিশ্ববিদ্যালয়কে অস্থির করে তুলত, শিক্ষার্থীরা তাদের সেই আধিপত্য ভেঙে দিয়েছে। এ জন্য তিনি ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিদের যথাযথ সহযোগিতা করেনি। শিক্ষার্থীরা যা করতে পেরেছে, তা প্রশাসনের সঙ্গে লড়াই করেই করতে হয়েছে। অনুকূল পরিবেশ পেলে তারা অর্জিত সাফল্যের তিন গুণ কাজ করতে পারত। প্রশাসনের অসহযোগিতার জবাব একদিন দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রসংসদ নির্বাচন আদায় করতে শিক্ষার্থীদের লড়াই করতে হয়েছে: জামায়াত আমীর বলেন, দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচন শিক্ষার্থীরা সহজে পায়নি। তাদের লড়াই করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দিতে চায়নি, রাজনীতিবিদদের একটি অংশও এতে নাখোশ ছিল। কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন ও প্রচেষ্টার মাধ্যমে নির্বাচন আদায় করেছে। এর ফলে ছাত্রসমাজ উপকৃত হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হয়নি, সেখানকার শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে জীবনের একটি জটিল সন্ধিক্ষণে এসে দাঁড়ায়। এ সময় তারা যদি ভুল জায়গায় অবস্থান নেয়, তাহলে সারা জীবনেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। একটি জাতি এগিয়ে যায় অভিজ্ঞ ও প্রবীণদের সঙ্গে তরুণদের সমন্বয়ের মাধ্যমে। এই সমন্বয় না হলে জাতিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
চার কোটি যুবককে নিয়ে স্বপ্ন দেখি: তরুণদের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, তাঁর স্বপ্ন এ দেশের চার কোটি যুবককে নিয়ে। তিনি চান, তরুণরা ককপিটে বসে জাতিকে নেতৃত্ব দেবে, আর অভিজ্ঞরা তাদের পাশে থাকবেন। জাতির দায়িত্বভার তরুণদেরই গ্রহণ করতে হবে।
তিনি বলেন, দেশ গড়ার কাজে জামায়াতে ইসলামী জাতির কাছে যে অঙ্গীকার করছে, সেখানে সততা ও নৈতিকতার মানদণ্ডে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীদের সেই দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান: তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, শুধু চাকরির পেছনে ছুটলে চলবে না; শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে হবে। স্টার্টআপ প্রতিষ্ঠার জন্য মেধা, ইচ্ছা ও পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ তিনটি বিষয় একসঙ্গে কাজে লাগাতে পারলে সফলতা আসবে।
তিনি বলেন, এসব সক্ষমতা আমাদের রয়েছে। এ নিয়ে কাজ চলছে। জাতিকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ইনশাআল্লাহ, আমরা এগিয়ে যাব।
দলীয়করণ নয়, মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চাই: রাষ্ট্র পরিচালনায় দলীয়করণের বিরোধিতা করে জামায়াত আমীর বলেন, জাতির স্বার্থে দলীয়করণের বিরুদ্ধে তাঁরা সোচ্চার হয়েছেন, নিন্দা জানিয়েছেন এবং এর বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে আসছেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, দলীয়করণের এসব জায়গা ভেঙে তছনছ করে দেওয়া হবে।
তিনি বলেন, সরকার মেরিটোক্রেসি বা মেধাভিত্তিক ব্যবস্থার কথা বললেও বাস্তবে পলিটোক্রেসির দিকে এগিয়েছে। এ কারণে সরকারকে মেধাভিত্তিক ব্যবস্থায় ফিরতে বাধ্য করা হবে।
নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে: নাগরিক অধিকার ও সামাজিক সম্প্রীতির বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ দেশে জন্ম নেওয়া নারী কিংবা পুরুষ প্রত্যেকেই সমান অধিকার ভোগ করবেন। কারও ওপর ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই।
তিনি বলেন, সমাজ ও দেশ বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়লে টেকসই সমাজ ও রাষ্ট্র গড়ে উঠবে না। প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার সমানভাবে ভোগ করার সুযোগ থাকতে হবে। সবাইকে একই দৃষ্টিতে দেখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নিরীহ কাউকে মামলার আসামি করা যাবে না: নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের ওপর অতীতের নির্যাতনের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের অনেক মানুষকে খুন, গুম ও পঙ্গু করা হয়েছে। অনেকের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের তিনি বলেছেন, আইনি প্রতিকার চাওয়ার অধিকার তাঁদের রয়েছে। তবে প্রতিশোধ নিতে গিয়ে কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করা যাবে না।

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে- নুরুল ইসলাম সাদ্দাম: অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ প্রজন্ম যুগে যুগে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সময়ের ব্যবধানে তাদের এসব ভূমিকা বাংলাদেশের ইতিহাসের বাঁক বদলে দিয়েছে।
তিনি বলেন, জুলাইয়ের চেতনায় আগামীর বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-শ্রমিকসহ সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছে জাতি।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নির্বাচিত ছাত্রপ্রতিনিধি পেয়েছে। দৃঢ়তার সঙ্গে বলা যায়, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা কেউ ক্যাম্পাসে আঘাতপ্রাপ্ত হয়নি। তাঁরা কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা অপকর্মের সঙ্গে যুক্ত হননি।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশকে আত্মপ্রত্যয়ী, স্বনির্ভর ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

নৈতিকতার সংকটই বাংলাদেশের রাজনীতির বড় দুর্ভিক্ষ- এটিএম আজহার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, একসময় ছাত্রসংসদ মানেই ছিল টেন্ডারবাজি, দখলবাজি, সিট বাণিজ্য, মারামারি ও সেশনজট। বিগত সময়ে ছাত্রসংসদগুলোর চিত্র ছিল এমনই।
তিনি বলেন, স্বাধীনতার পর এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা বড় ধরনের পরিবর্তন এনেছেন। তাঁদের সততা, নৈতিকতা, দক্ষতা, দেশপ্রেম ও আদর্শিক অবস্থানই এ পরিবর্তনের পেছনে প্রধান ভূমিকা রেখেছে।
এটিএম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দুর্ভিক্ষ হচ্ছে নৈতিকতার দুর্ভিক্ষ। নৈতিকতার অভাবেই বাংলাদেশ আজ অনেক পিছিয়ে রয়েছে। অতীতের শাসকরাও নৈতিকতার অভাবে দেশকে কাঙ্ক্ষিতভাবে এগিয়ে নিতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরাই আগামীর নেতৃত্ব- গোলাম পরওয়ার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়ে শিক্ষার্থীরা সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরার মতো।
তিনি বলেন, আগামীর নেতৃত্বে এসব শিক্ষার্থীই আসবে। বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচিত প্রতিনিধিরা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন- বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি বিরল ঘটনা।
মিয়া গোলাম পরওয়ার নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ছাত্রজীবনে অর্জিত নীতি-নৈতিকতা ও সততার শিক্ষা কর্মজীবনেও কাজে লাগাতে হবে। সেই শিক্ষা ও অভিজ্ঞতা দিয়ে জাতিকে পরিবর্তনের আহ্বান জানান তিনি।

ছাত্রসংসদ প্রতিনিধিদের বক্তব্য ও উপস্থাপনা : অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগারের সঞ্চালনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্রসংসদ প্রতিনিধিরা বক্তব্য দেন এবং প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
বক্তব্য ও উপস্থাপনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (চাকসু) জিএস ইব্রাহিম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।
তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের কার্যক্রম, শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত উদ্যোগ, ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট শিশির মনির, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আলোচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন, তরুণদের নেতৃত্ব বিকাশ, নৈতিকতা ভিত্তিক রাজনীতি, মেধার মূল্যায়ন এবং রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, ছাত্রজীবনে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার যে চর্চা শুরু হয়েছে, তা ভবিষ্যৎ কর্মজীবন ও জাতীয় নেতৃত্বেও অব্যাহত থাকবে।

