প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ঈদের নামাজে অংশ নেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
ঈদের প্রধান জামাতে নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের সংরক্ষিত স্থান রাখা হয়। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিমের সুবিধাও ছিল।
নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা দীর্ঘ লাইনে কঠোর নিরাপত্তা তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করেন। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের তিন ধাপে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিগণ এ জামাতে অংশগ্রহণ করেন।
নামাজের পূর্বে ডেপুটি স্পিকার ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সর্বসাধারণের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় ডেপুটি স্পিকার বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর সর্বাঙ্গীণ শান্তি ও কল্যাণ কামনা করেন।
স্পিকারের সার্বিক নির্দেশনায় বরাবরের ন্যায় দক্ষিণ প্লাজায় জামাতের প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও রাখা হয়।
জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান।
ঈদের জামাত শেষে ডেপুটি স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। বাসস

