রাজধানীর গুলশানে দুটি বারে অভিযান চালিয়ে শতাধিক নারীসহ বেশ কয়েকজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মদ্যপানের বৈধ পারমিট না থাকার অভিযোগে রোববার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। পরে লিখিত মুচলেকা নিয়ে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তর বিভাগের উপপরিচালক রাজিউর রহমান গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানের মিডিয়া ক্লাব ও র-ক্যানভাস বারে অভিযান চালানো হয়। এ সময় শতাধিক নারী ছাড়াও কয়েকজন পুরুষকে আটক করা হয়। তাঁদের মদ্যপানের বৈধ পারমিট ছিল না বলে জানান তিনি।
রাজিউর রহমান বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। পারমিট ছাড়া কোনো বারে মদ্যপান করবেন না- এমন অঙ্গীকারের ভিত্তিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
অভিযান-পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট দুই বারের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রথমে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে। এরপর অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

