|| সাঈদ চৌধুরী ||
বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড একটি গভীর ষড়যন্ত্রের অধ্যায়। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে ২০১৩ সালে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। কিন্তু সেই বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, আইনি বৈধতা, আপিলের অধিকার এবং রাজনৈতিক প্রভাব নিয়ে দেশ-বিদেশে যে প্রশ্ন উঠেছিল, তা কখনোই পুরোপুরি থেমে যায়নি।
২০২৬ সালের ১৯ নভেম্বর বিচারের নামে অবিচারের এই বিষয়টি খোলাসা করলেন দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিতে কাদের মোল্লার মৃত্যুদণ্ড প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার।”
তিনি আরও মন্তব্য করেন, সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। এ ধরনের ঘটনাকে তিনি ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও অভিহিত করেন।
দেশের সর্বোচ্চ বিচারিক পদে আসীন ব্যক্তির এমন মন্তব্য নিঃসন্দেহে ২০১৩ সালের বিচারপ্রক্রিয়ার অনাচার সমূহ প্রমানিত হয়েছে।
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আব্দুল কাদের মোল্লাকে ছয়টি মিথ্যা অভিযোগের মধ্যে পাঁচটিতে দোষী সাব্যস্ত করে। তাঁকে কয়েকটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এই রায়ের পর রাষ্ট্রপক্ষ আবার আপিল করে। পরবর্তী সময়ে আইন সংশোধন করে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ সম্প্রসারণ করা হয়। ১৭ সেপ্টেম্বর ২০১৩ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে তাঁর যাবজ্জীবন সাজা পরিবর্তন করে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তারপর ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।
মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আসামীকে আদালতে লড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আইন পরিবর্তন করে মৃত্যুদণ্ড প্রদান ন্যায়বিচারের প্রশ্নে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচারিক বিতর্কের সৃষ্টি করে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর তারিখে কাদের মোল্লার মৃত্যুদণ্ড নিয়ে গুরুতর আপত্তি জানায়। সংস্থাটির বক্তব্য ছিল, বিচার শেষ হওয়ার পর আইন সংশোধন করে সেই সংশোধিত বিধান কাদের মোল্লার মামলায় প্রয়োগ করা হয়েছে। তাদের মতে, এটি আন্তর্জাতিক ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামসের বক্তব্যের মূল কথা ছিল- ১৯৭১ সালের অপরাধের বিচার অবশ্যই হতে হবে, কিন্তু সেই বিচার হতে হবে যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করে। অর্থাৎ, অপরাধের বিচার করার অধিকার রাষ্ট্রের থাকলেও সেই বিচারের নামে আইনের মৌলিক সুরক্ষা উপেক্ষা করার অধিকার রাষ্ট্রের নেই।
আপিলের অধিকার নিয়েও প্রশ্ন তুলেছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিবৃতি দেয়।
অ্যামনেস্টির মতে, বিচারিক আপিলের সুযোগ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসংগতিপূর্ণ। সংস্থাটি আরও বলেছিল, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু একজনের মানবাধিকার লঙ্ঘন করে আরেকজনের মানবাধিকার লঙ্ঘনকে বৈধতা দেওয়া যায় না।
এই বক্তব্য বিচারব্যবস্থার একটি মৌলিক প্রশ্ন সামনে আনে। অপরাধের অভিযোগ যত গুরুতরই হোক, অভিযুক্ত ব্যক্তির ন্যায়বিচার পাওয়ার অধিকার কি অক্ষুণ্ণ থাকবে না?
মৃত্যুদণ্ডের মতো অপরিবর্তনীয় শাস্তির ক্ষেত্রে বিচারিক মতপার্থক্য, যুক্তি এবং আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনপরিসরে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ফাঁসির আগে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের উদ্বেগ তার প্রমান।
২০১৩ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের দুই মানবাধিকার বিশেষজ্ঞ আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছিলেন। বিচারকদের স্বাধীনতা ও আইনজীবীদের ভূমিকা বিষয়ক বিশেষ প্রতিবেদক গ্যাব্রিয়েলা নাউলা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদক ক্রিস্টফ হেইনস তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের আশংকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তাঁদের উদ্বেগের অন্যতম কারণ ছিল, সর্বোচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে আর কোনো বিচারিক আপিলের সুযোগ না থাকা। কিন্তু আন্তর্জাতিক উদ্বেগ ও আপত্তি সত্ত্বেও ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।
তাই, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির মন্তব্য এখন খুবই গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতি যখন অতীতের একটি বিচারিক সিদ্ধান্তকে ‘লজ্জার’ এবং ‘মিসক্যারেজ অব জাস্টিস’ হিসেবে উল্লেখ করেন, তখন সেটি নিছক রাজনৈতিক বক্তব্য হিসেবে উপেক্ষা করার সুযোগ নেই। বরং কয়েকটি প্রশ্ন সামনে আসা জরুরি:
১. কাদের মোল্লার মামলায় আইন সংশোধনের পর সেই আইন প্রয়োগের সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনগত ভিত্তি কতটা গ্রহণযোগ্য ছিল?
২. মৃত্যুদণ্ডের মতো অপরিবর্তনীয় শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিচারিক আপিলের সুযোগ না থাকা কতটা ন্যায়সংগত ছিল?
৩. রাজনৈতিক ও জনমতের চাপ বিচারিক সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল কি না, তা কীভাবে নিরপেক্ষভাবে পর্যালোচনা করা সম্ভব?
৪. বিচারপ্রক্রিয়ায় কোনো গুরুতর আইনি ত্রুটি থাকলে তার প্রতিকার ও জবাবদিহির ব্যবস্থা কী?
আন্তর্জাতিক বিচারিক নিয়মে, ন্যায়বিচার কারও রাজনৈতিক পরিচয় দেখে নির্ধারিত হতে পারে না। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের বিচার হওয়া ছিল রাষ্ট্র ও জাতির নৈতিক দায়িত্ব। সেই অপরাধের শিকার মানুষ এবং তাঁদের পরিবারের ন্যায়বিচার পাওয়ার অধিকার কোনোভাবেই অস্বীকার করা যায় না।
কিন্তু একই সঙ্গে এটিও সত্য, ন্যায়বিচারের মানদণ্ড অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয়, জনপ্রিয়তা কিংবা অজনপ্রিয়তার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে না।
কোনো ব্যক্তি অপরাধী হলে আইনসম্মত বিচারে তাঁর শাস্তি হওয়া উচিত। আবার সেই বিচারে আইন লঙ্ঘিত হলে তারও জবাবদিহি থাকা প্রয়োজন। বিচারের নামে অবিচার হলে সেটি শুধু একজন ব্যক্তির প্রতি অন্যায় নয়, গোটা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার জন্যও তা গুরুতর প্রশ্ন।
ইতিহাসের প্রশ্নের উত্তর দিতে হবে ইতিহাসের কাছেই। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বক্তব্য কাদের মোল্লার মৃত্যুদণ্ডের ঘটনাকে আবারও জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তাঁর বক্তব্যের আলোকে ২০১৩ সালের আপিল বিভাগের রায়, বিচারপতি ওয়াহাব মিঞার ভিন্নমত, আইন সংশোধনের ইতিহাস এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণ- সবকিছু একসঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।
কারণ ন্যায়বিচার কখনো প্রতিশোধের হাতিয়ার হতে পারে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রথম শর্তই হলো আইনের শাসন, নিরপেক্ষ বিচার এবং অভিযুক্তের মৌলিক অধিকার নিশ্চিত করা। ১৯৭১ সালের অপরাধের বিচার যেমন প্রশ্নাতীতভাবে প্রয়োজন, তেমনি সেই বিচারের প্রতিটি পদক্ষেপও প্রশ্নের ঊর্ধ্বে নয়। ইতিহাসের কাছে দায়বদ্ধতা শুধু অভিযুক্তের নয়, বিচারক, রাষ্ট্র এবং বিচারব্যবস্থারও।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক।

