এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বিরোধীদলীয় নেতাকে বরণ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা মাহমুদা মিতু এমপি-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় আমীরে জামায়াতের সাথে ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার কমিটির সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান।

পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশ ও জনগণের জন্য আমরা সংসদের ভিতরে ও বাইরে এনসিপি-সহ একসাথে কাজ করছি এবং বিগত নির্বাচনে একসাথে লড়াই করেছি।

তিনি বলেন, আমরা গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। সরকারের দুটি অঙ্গ একটি সরকারি দল আরেকটি বিরোধীদল। এ দুটি ছাড়া দেশ চলে না। বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য। তবে সংসদে বিরোধীদল হিসেবে যেটুকু পাওনা, সেখানে আমরা বহুলাংশে বঞ্চিত হচ্ছি।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে। তিনশ আসনের ফান্ডের বরাদ্দ দেয়ার ক্ষেত্রে সরকারি দলকে যা দেয়া হয়েছে, এর ধারে কাছেও নেই বিরোধীদলের এমপিরা। সরকারি বরাদ্দ কোনো দলের না। অথচ সরকারি দল নির্বাচনের আগে বলেছে কোন বৈষম্য হবে না, দেশের সুষম উন্নয়ন হবে।

বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আরও বলেন, উন্নয়ন নাগরিক অধিকার। একটি দেশের ভিতরে যখনই বৈষম্যের সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। দেশ কখনো এগিয়ে যেতে পারবে না, যদি একটি স্থিতিশীল সমাজ গড়ে না ওঠে। এটি তৈরি করার মূল দায়িত্ব সরকারি দলের।

আমীরে জামায়াত বলেন, সংসদের সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধীদলের এমপিদের আসনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। একটি দেশ ও জাতি এভাবে এগুতে পারে না।

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় এখন যে আন্দোলন করছি, তা জনগণের দাবি বাস্তবায়নের জন্য, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। সরকার আমাদের রাজপথে ঠেলে দিয়েছে। আমরা এর সমাধান সংসদের ভিতরে চেয়েছিলাম। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না।

জাতীয় নাগরিক পার্টি যাতে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে আমীরে জামায়াত সেই আশাবাদও ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *