সিলেটে হামের উপসর্গ নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৪ জন ভর্তি হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মৃত শিশুটির বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে নতুন করে ২ জন রোগীর হাম শনাক্ত হয়েছে।
বিভাগীয় অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৭ জন রোগী ভর্তি আছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
এছাড়া, অন্যান্য হাসপাতালের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১০ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, আল হারামাইন হাসপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন। বাকি রোগীদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ অন্যান্য উপজেলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৬০ জন ল্যাব নিশ্চিত হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ২১০ জন, সিলেটে ১১৭ জন, হবিগঞ্জে ৩৪ জন ও মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে হাম ও উপসর্গে ৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং বাকিরা হামের উপসর্গে মারা গেছে। ইউএনবি নিউজ

