ভারতের প্রতি অনাবশ্যক ও অতিরিক্ত কেন্দ্রিকতা পরিহার করে সাংবাদিকদের নিজেদের জাতীয় স্বার্থ, উন্নয়ন ও সার্বভৌমত্বের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ভারত-কেন্দ্রিক প্রশ্নের জবাবে রসিকতার সুরে তিনি বলেন, “ডেইলি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাইতেই ইন্ডিয়া, লাঞ্চ খাইতেই ইন্ডিয়া, ডিনারেও ইন্ডিয়া- তাহলে ভাই, আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবেন? খালি যদি ইন্ডিয়া ইন্ডিয়া করেন! নিজের দেশের চিন্তা করেন।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং তাদের সঙ্গে একটি সুষ্ঠু, দ্বিপক্ষীয় (bilateral) ও সমান মর্যাদার সম্পর্ক বজায় রাখা হবে। তবে প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ বা আলোচনায় কেবল একটি দেশকে কেন্দ্র করে চিন্তাভাবনা করা সমীচীন নয়।
আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামের আলোচনার প্রসঙ্গে তিনি জানান, জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রয়োজন অনুযায়ী যার সঙ্গে যেখানে কথা বলা দরকার, সরকার সেখানে আলোচনা করবে।
সীমান্ত হত্যা, বাণিজ্য কিংবা বিগত বছরগুলোর নানা চুক্তি পর্যালোচনা বিষয়েও তিনি কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনৈতিক কাঠামোর মাধ্যমেই সমস্ত দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

