জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলায় জকসুর ভিপি ও জিএস-সহ অনেক ছাত্র, শিক্ষক ও সাংবাদিক আহত হয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালেয়র ভিসি ড. মো. রইছ উদ্দীনকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জাফর আহমদ প্রকাশ্যে হুংকার দিয়ে বলেন, ছাত্রদলের ক্যাম্পাস, নিয়ন্ত্রণে থাকবে ছাত্রদল। তার সাথে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন সহ অন্যান্য নেতাকর্মী। এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে এই কান্ড। এতে জাফর আহমদ উপাচার্যকে আরাে বলেন, ‘আজ ছাত্রশিবির আমাদের ওপর হামলা করেছে। অনেক শিক্ষক এবং প্রশাসনের কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। প্রশাসনের মধ্যে জামায়াত ও আওয়ামী লীগের দোসর রয়েছে। আমরা আপনাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু আপনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। এটি ছাত্রদলের ক্যাম্পাস, নিয়ন্ত্রণে থাকবে ছাত্রদল। এখানে জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগের কোনো অবস্থান থাকতে দেয়া হবে না।
শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, যারা শিক্ষার্থীদের আবাসনসহ বিভিন্ন অধিকার বাস্তবায়নে বাধা দেয়, তাদের এই ক্যাম্পাসে থাকতে দেয়া হবে না।

