অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি ছয় দিনের বিশেষ সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাত ১২টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সভা, মতবিনিময় ও কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের পরবর্তী পর্যায়ে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
এই সফরে বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সহকারী সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন-সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজনৈতিক ও আন্তর্জাতিক যোগাযোগ জোরদার, অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে। আগামী ২৬ নভেম্বর ২০২৬ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

