সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পরিবারের বাসার প্রধান ফটকের সামনে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের শেষ ভাগে দুই ব্যক্তি বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/5599846570241186
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, ভোর সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে এ ঘটনা ঘটে। দুই ব্যক্তি বাসার প্রধান ফটকে বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।
কয়েস লোদী বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি চক্র এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। একই রাতে সিলেটে চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। রাতের শেষ ভাগে, যখন মানুষ ঘুমিয়ে থাকে এবং রাস্তাঘাট ফাঁকা থাকে, তখনই দুর্বৃত্তরা এসব কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দুর্বৃত্তদের কর্মকাণ্ডের সমালোচনা করে কয়েস লোদী বলেন, এ ধরনের চোরাগোপ্তা কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত বা আতঙ্কিত করা যাবে না। মানুষ বুঝতে পারছে কারা এসব কাজ করছে এবং কেন করছে।
এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটে এ বাসায় আসেন। এ ধরনের ঘটনা মানুষের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। তবে এলাকাবাসী পরস্পরের পাশে থেকে সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, এলাকার প্রতিটি পরিবার একে অপরের আপনজনের মতো। কারও বাড়িতে আগুন লাগলে প্রতিবেশীরাই এগিয়ে আসবেন। এ ধরনের ঘটনা মূলত মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।
ঘটনার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে।
জানা গেছে, দাড়িয়াপাড়ার ওই বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেটে এলে সাধারণত ওই বাসাতেই অবস্থান করেন।

