পোর্টসমাউথ সফরে হাইকমিশনার মুহিত, বাংলাদেশ-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের প্রত্যয়

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত পোর্টসমাউথ সিটি পরিদর্শন করেছেন। পোর্টসমাউথের লর্ড মেয়র কাউন্সিলর আবদুল কাদিরের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হয়। সফরকালে তিনি পোর্টসমাউথ হিস্টোরিক ডকইয়ার্ডের বোটহাউস নম্বর ৫-এ সম্প্রতি উদ্বোধন হওয়া ‘মেমোরি লাইব্রেরি’ (Memory Library) প্রকল্পের বিশেষ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন।

কাউন্সিলর আবদুল কাদির পোর্টসমাউথের ১০০তম লর্ড মেয়র এবং বর্তমানে যুক্তরাজ্যে দায়িত্ব পালনরত একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত লর্ড মেয়র। বাংলাদেশের সিলেটের সঙ্গে পোর্টসমাউথের বিশেষ সম্পর্ক রয়েছে। শহর দুটি সিস্টার সিটি হিসেবেও যুক্ত, যা দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

প্লে অফিস (Play Office) কর্তৃক পরিকল্পিত এবং থমাস বাকলির (Thomas Buckley) কিউরেটরশিপে আয়োজিত ‘মেমোরি লাইব্রেরি’ একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক উদ্যোগ। স্মৃতি, শিল্পকলা ও প্রযুক্তির পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের লক্ষ্যে এ কর্মসূচিতে রয়েছে প্রদর্শনী, শিল্পস্থাপনা, কর্মশালা, পরিবেশনা এবং আলোচনা অনুষ্ঠান। ব্যক্তিগত ও সামষ্টিক স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অভিজ্ঞতা ও গল্প সংরক্ষণের গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে চলচ্চিত্র, শিল্পকলা, ডিজিটাল স্টোরিটেলিং এবং বিভিন্ন জনগোষ্ঠীর অভিন্ন স্মৃতিচারণের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সাংস্কৃতিক সংযোগ উদ্‌যাপন করা হয়। পোর্টসমাউথের পাশাপাশি বাংলাদেশ, মিশর, লেবাননসহ বিভিন্ন দেশের শিল্পী ও সাংস্কৃতিক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে দীর্ঘদিনের শিল্প ও সাংস্কৃতিক বিনিময়ের ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক গড়ে তোলা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং প্রজন্মের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের সাংস্কৃতিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পী, বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ হাইকমিশন আগ্রহী। বিশেষ করে সৃজনশীল প্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের সম্পৃক্ততার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সফরকালে হাইকমিশনার প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিল্পী, আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক অভিজ্ঞতা তুলে ধরার এ উদ্যোগের প্রশংসা করা হয়।

পোর্টসমাউথের লর্ড মেয়র কাউন্সিলর আবদুল কাদির, প্লে অফিস, থমাস বাকলি, পোর্টসমাউথ হিস্টোরিক কোয়ার্টার, অংশগ্রহণকারী শিল্পী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ‘মেমোরি লাইব্রেরি’ একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে।

সংশ্লিষ্টদের আশা, হাইকমিশনারের এ সফর এবং ‘মেমোরি লাইব্রেরি’র মতো সৃজনশীল উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি পোর্টসমাউথ ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, শিক্ষা, সৃজনশীল প্রযুক্তি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *