সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সিলেট সীমান্তে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট এলাকায় ভারতীয় বিএসএফ কর্তৃক গুলির জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে ২০২৬) বিকেলে বিএসএফ কর্তৃক গুলির ঘটনায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পক্ষ থেকে তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানানো হয়। বিশেষ করে পাল্টা ফায়ার করার ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোন কারণ ছাড়াই হঠাৎ গুলিবর্ষণ করে। ফলে বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ফায়ার করে। এতে ভারতীয় বাহিনী দ্রুত পিছু হটেছে।

আজ মঙ্গলবার বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (১৮ মে ২০২৬) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে। বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বাহিনীটি।

বিজিবি আরও জানায়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *