ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৩৯ জন নিহত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে একটি শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জানিয়েছে, তারা লেবাননের হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ‘নিরীহ বেসামরিক মানুষের ক্ষতির খবর সম্পর্কে তারা অবগত’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ই এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী ও হেজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের অধিকাংশ বিমান হামলা দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হেজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।

শনিবার লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ -ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটির সাকসাকিয়েহসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার খবর প্রকাশ করেছে।

আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় ‘সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতরে অবস্থানরত হেজবুল্লাহ যোদ্ধাদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *